সূর্যকুমারের মতো খেলার ইচ্ছা থাকলেও, ফিলিপ্সের স্বীকারোক্তি “স্বপ্নেও ভাবতে পারি না”

টি-২০ বিশ্বকাপ ২০২২-এ ১৮৯.৬৮ স্ট্রাইক রেটে ২৩৯ রান করেছিলেন সূর্যকুমার যাদব

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Photo by Daniel Pockett-ICC/ICC via Getty Images)

নিউ জিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটার গ্লেন ফিলিপ্স তাঁর মতোই আগ্রাসী ব্যাটার সূর্যকুমার যাদবের প্রশংসা করেছেন। সূর্যকুমার যেভাবে শট খেলেন এবং মাঠের ফাঁকা অংশকে কাজে লাগান তা নজর কেড়েছে কিউয়ি ব্যাটারের। ডান-হাতি ব্যাটার স্বীকার করেছেন যে তিনি ভারতীয় ব্যাটারকে অনুকরণ করার আশা করেন, তবে তিনি মনে করেন যে সূর্যকুমারের মতো ব্যাটিং করা তাঁর পক্ষে একপ্রকার অসম্ভব।

এখনও পর্যন্ত এই বছরে টি-টোয়েন্টি ফর্ম্যাটের সর্বোচ্চ রান সংগ্রাহক সূর্যকুমার ২৯ ম্যাচে ১৮৫.৭১ স্ট্রাইক রেট এবং ৪৩.৩৩ গড়ে ১০৪০ রান সংগ্রহ করেছেন। ২০২১-এ টি-২০ আন্তর্জাতিকে আত্মপ্রকাশ করা ৩২ বছর বয়সী টি-২০ বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে অভিযান শেষ করেছিলেন। ৬ ইনিংসে ২৩৯ রান করা ভারতের আগাসী ব্যাটার ১৮৯.৬৮ স্ট্রাইক রেট বজায় রাখতে সক্ষম হয়েছিলেন সদ্য সমাপ্ত বৈশ্বিক ইভেন্টে।

মাউন্ট মাউঙ্গানুইতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ফিলিপ্স বলেছেন যে তিনি সূর্যকুমারের কব্জির কাজ দেখে বিস্মিত হন। অভাবনীয় কিছু জায়গায় সূর্যকুমারের বাউন্ডারি মারার ক্ষমতা দেখে ফিলিপ্স প্রশংসা না করে পারেননি। Stuff.co.nz-এর উদ্ধৃতি অনুসারে, ২৫ বছর বয়সী বলেছেন, “সে সত্যিই অবিশ্বাস্য। সে যে কাজগুলো করে তা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি চেষ্টা করতে চাই কিন্তু আমাদের খেলার ধরণ অনেকটাই আলাদা। তার কব্জির যে শক্তি আছে। সেটার কারণে অভাবনীয় জায়গায় ছয় মারতে সক্ষম। এমন প্রতিভা যা আপনি খুব কমই দেখতে পান।”

আমার শক্তি এক ধরণের এবং সূর্যকুমারের আরেক ধরণের: গ্লেন ফিলিপ্স

গত ছয় মাসে সূর্যকুমার ভারতের টি-টোয়েন্টি লাইন-আপের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। টি-২০ বিশ্বকাপের সুপার ১২ পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পার্থের পেস সহায়ক পিচে যেখানে পুরো ভারতীয় ব্যাটিং ইউনিট ভেঙে পড়েছিল, সেখানে তিনি ৪০ বলে ৬৮ রান করে একক দক্ষতায় ভারতকে সম্মানজনক স্কোর এনে দিয়েছিলেন।

অস্ট্রেলিয়ার বড় মাঠে সূর্যকুমার যে অনায়াস দক্ষতায় রান করেছেন, তা বিবেচনা করলে নিউ জিল্যান্ডের ছোট বাউন্ডারি তাঁর ব্যাটিংয়ের জন্য আরও অনুকূল হবে, মত ফিলিপ্সের। তিনি যুক্ত করেছেন, “আমার শক্তি এক ধরণের এবং তার আরেক ধরণের। আমরা নিজেদের উপায়ে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আমার মনে হয় অস্ট্রেলিয়ার তুলনায় এখানে যাদবের স্ট্রাইক রেট বেশি হবে কারণ সামান্য ছোট মাঠ এবং পিচগুলি প্রায় একই রকম, হয়তো একটু বেশি ঘাস থাকায় বাউন্স বেশী।”

অবিরাম বৃষ্টির কারণে ওয়েলিংটনে প্রথম টি-টোয়েন্টি ভেস্তে গেছে এবং দ্বিতীয় ম্যাচটি রবিবার, ২০শে নভেম্বর, ভারতীয় সময় দুপুর ১২টায় শুরু হবে।

close whatsapp