ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করল নিউ জিল্যান্ড, বাদ দুই তারকা
ভারতের মোকাবিলা করার জন্য শক্তিশালী স্কোয়াড নিয়ে নামছে নিউ জিল্যান্ড
আপডেট করা - Nov 16, 2022 8:21 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই সেমি-ফাইনালিস্ট – নিউ জিল্যান্ড ও ভারত – এখন সাদা বলের ফর্ম্যাটে দুটি সিরিজ খেলার জন্য প্রস্তুত। কিউইরা আসন্ন সিরিজের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে। ১৮ই নভেম্বর, ওয়েলিংটনে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হচ্ছে। সেই সিরিজের পরে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে দুই দল। টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে থাকা ট্রেন্ট বোল্ট ও মার্টিন গাপ্টিল ভারতের বিরুদ্ধে কোন সিরিজেই সুযোগ পাননি।
অভিজ্ঞ বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট তাঁর পরিবারের সঙ্গে আরও বেশী সময় কাটানোর জন্য নিউ জিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা স্কোয়াড থেকে তাঁর বাদ পড়ার জন্য যথেষ্ট কারণ। কিউই প্রধান কোচ গ্যারি স্টেড বলেছেন যে দল বোল্টের ‘বিশ্ব-মানের ক্ষমতা’ সম্পর্কে সচেতন, তবে এই মুহূর্তে ভবিষ্যতের জন্য একটি দল গড়তে চাইছেন তিনি।
“যখন ট্রেন্ট আগস্টে তার নিউ জিল্যান্ড ক্রিকেটের চুক্তি থেকে বেরিয়ে এসেছিল, আমরা ইঙ্গিত দিয়েছিলাম যে কেন্দ্রীয় বা ঘরোয়া চুক্তিতে থাকা খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে, এবং এখানেও তাই হয়েছে। আমরা সবাই ট্রেন্টের বিশ্বমানের ক্ষমতা সম্পর্কে সচেতন, কিন্তু এই মুহূর্তে আমরা অন্যদের সুযোগ এবং অভিজ্ঞতা দিতে চাই,” গ্যারি স্টেড ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে বলেছেন।
Our squads to face India in three T20I's & three ODI's starting on Friday at @skystadium 🏏
Details | https://t.co/OTHyEBgKxQ#NZvIND pic.twitter.com/2Ov3WgRJJt
— BLACKCAPS (@BLACKCAPS) November 14, 2022
ফিন অ্যালেনকে সুযোগ দিতে আগ্রহী: নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টেড
স্কোয়াড থেকে বিস্ফোরক ওপেনার মার্টিন গাপ্টিলের অনুপস্থিতির বিষয়ে কথা বলতে গিয়ে নিউ জিল্যান্ডের প্রধান কোচ বলেছেন যে ম্যানেজমেন্ট অর্ডারের শীর্ষে সম্প্রতি আবির্ভূত ফিন অ্যালেনকে আরও সময় দেওয়ার চেষ্টা করছে। অস্ট্রেলিয়ায় সদ্য সমাপ্ত আইসিসি ইভেন্টে অ্যালেন বেশ কয়েকটি চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন এবং স্টেড আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপের জন্য তরুণকে প্রস্তুত করার আশা করছেন।
“সাদা বলের ক্রিকেটে ফিনের উত্থান এবং সাফল্যের অর্থ হল মার্টিন গাপ্টিলের মতো একজনের বাদ পড়া। ৫০ ওভারের বিশ্বকাপের এক বছরেরও কম সময় বাকি থাকায় আমরা ফিনকে ওডিআই অভিজ্ঞতা অর্জনের জন্য, বিশেষ করে ভারতের মতো মানসম্পন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে, প্রতিটা সুযোগ দিতে আগ্রহী,” স্টেড যোগ করেছেন।
ভারত সিরিজের জন্য বোল্ট এবং গাপ্টিলকে স্কোয়াড থেকে বাদ দিলেও, নিউ জিল্যান্ডের প্রধান কোচ মনে করেন যে তাদের মধ্যে এখনও প্রচুর ক্রিকেট বাকি রয়েছে এবং জাতীয় দলে নির্বাচিত হওয়ার দরজা খোলা রয়েছে। স্টেড তাঁদের আশ্বাস দিয়ে জানিয়েছেন, “এই উভয় খেলোয়াড়ের কাছে বার্তা হল যে সামনে অনেক আন্তর্জাতিক ক্রিকেট রয়েছে এবং তাদের জন্য দরজা অবশ্যই বন্ধ নয়।”
নিউজিল্যান্ড ওডিআই স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে (উইকেটকিপার), লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, অ্যাডাম মিল্ন, জেমস নিশ্যাম, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার, টিম সাউদি।
নিউজিল্যান্ড টি-২০ স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে (উইকেটকিপার), লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, অ্যাডাম মিল্ন, জেমস নিশ্যাম, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ব্লেয়ার টিকনার।