বেন স্টোকসের প্রত্যাবর্তনে ইংল্যান্ডের অ্যাশেজ পুনরুদ্ধারের সম্ভাবনা বেড়েছে, বিশ্বাস ওপেনার রোরি বার্ন্সের

সিরিজের সূচনা ৮ই ডিসেম্বর ব্রিসবেনে

Rory Burns and Ben Stokes
Rory Burns and Ben Stokes. (Photo by DAVID GRAY/AFP via Getty Images)

রোরি বার্ন্স বিশ্বাস করেন ইংল্যান্ড স্কোয়াডে বেন স্টোকসের প্রত্যাবর্তনের ফলে অ্যাশেজ পুনরুদ্ধার করার ব্যাপারে শিবিরের আত্মবিশ্বাস বেশি অনেক বেড়ে গেছে। দলে স্টোকসের উপস্থিতি বাকিদের মনোবলকে চাঙ্গা করে তুলেছে। 

সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে বিশেষ সাফল্য উপভোগ করতে পারেনি। এবারের গ্রীষ্মে ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং ভারতের কাছে দুটি সিরিজেই হেরেছে। ২০১৫-র পর থেকে অ্যাশেজও অধরা তাদের। 

আঙুলের চোট সারিয়ে এবং মানসিক স্বাস্থ্য সমস্যা কাটিয়ে জুলাইয়ের পর প্রথমবার ক্রিকেটীয় অ্যাকশনে ফিরতে চলা বেন স্টোকসের অ্যাশেজ স্কোয়াডে বিলম্বিত অন্তর্ভুক্তি দলকে মজবুত করেছে, এমনটাই ধারণা ইংলিশ ওপেনার বার্ন্সের। 

স্টোকসের অন্তর্ভুক্তি দলকে মজবুতি দান করেছে – রোরি বার্ন্স 

“স্টোকসিকে দলে ফিরিয়ে আনা স্কোয়াডের পক্ষে অবশ্যই উৎসাহব্যাঞ্জক,” বর্তমানে গোল্ড কোস্টের বিলাসবহুল রিসর্টে অবস্থিত বার্নস বলেছেন। অস্ট্রেলিয়ায় শনিবার পৌঁছে ওই রিসর্টেই ইংল্যান্ডের টেস্ট খেলোয়াড়রা উঠেছেন এবং ওখানেই ১৪ দিনের বাধ্যতামুলক কোয়ারেন্টাইনে কাটাবেন। 

“সবাই জানে সে কতটা ভালো খেলোয়াড়। আমাদের দলের সঙ্গে তাঁর অন্তর্ভুক্তি দলকে মজবুতি দান করেছে। আমরা এই সিরিজে নিজেদের সেরা দলটা নিয়ে খেলতে চেয়েছিলাম এবং বেন আসায় দলের শক্তিবৃদ্ধি হয়েছে নিঃসন্দেহে। বেনের সংযোজন আমাদের জন্য উত্তেজক একটি ব্যাপার,” বার্ন্স জুড়েছেন।    

৩০ বছর বয়সী স্টোকস একজন প্রতিষ্ঠিত ম্যাচ উইনার। ইংল্যান্ডে আয়োজিত ২০১৯-এর অ্যাশেজে হেডিংলেতে ৩৫৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জেতানোর রূপকার বেন স্টোকসের সেই অপরাজিত ১৩৫ রানের ইনিংস এখন ক্রিকেটীয় রূপকথার অংশ হয়ে উঠেছে।  

নিউজিল্যান্ডে জন্মগ্রহণকারী অলরাউন্ডার এখন তাঁর সম্পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছেন এবং অস্ট্রেলিয়া যাওয়ার আগে স্কাই স্পোর্টসকে বলেছিলেন যে যদিও তিনি ক্রিকেটের সর্বোচ্চ ফর্ম্যাট টেস্টে ফিরতে মরিয়া, কিন্তু একমাত্র তাঁকে নিয়েই একটি দল গড়ে ওঠেনি, সবার অবদানেই একটি সফল দল তৈরী হয়।  

সেই প্রসঙ্গে তিনি বলেছেন, “একজন খেলোয়াড় দিয়ে একটি দল তৈরি হয় না। সেই দলের প্রত্যেক সদস্যই গুরুত্বপূর্ণ। প্রত্যেক ক্রিকেটারই নিজের ক্ষমতায় ম্যাচ জেতাতে পারে।”

“আমাদের কাছে জিমি (অ্যান্ডারসন), ব্রডি (স্টুয়ার্ট ব্রড)-র মতো বোলার আছে যারা য়াগেই দেখিয়েছে তারা কী করতে পারে। রুটের মতো দুর্দান্ত নেতা আছে যে কিনা ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। তাই অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে টক্কর দেওয়ার মতো যথেষ্ট শক্তি আমাদের আছে,” স্টোকসের সংযোজন। 

৮ই ডিসেম্বর ব্রিসবেনে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে ইংল্যান্ড দুটি প্রস্তুতি ম্যাচে খেলবে নিজেদের মধ্যেই। তার জন্য তারা একটি ব্যাক-আপ স্কোয়াড নিয়ে অস্ট্রেলিয়ায় গেছে। 

বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডের সদস্যরা – জস বাটলার, জনি বেয়ারস্টো, ডাউইড মালান, ক্রিস ওকস ও মার্ক উড – টুর্নামেন্টের পর সংযুক্ত আরব আমিরশাহী থেকে অস্ট্রেলিয়া যাবেন।  

close whatsapp