“ভাবিনি যে আমি আবার বিশ্বকাপে খেলব” – ম্যাচের সেরা হয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন অ্যালেক্স হেলস
হেলসের ব্যাট থেকে ৪৭ বলে ৮৬* রানের ইনিংস বেরিয়েছে
আপডেট করা - Nov 10, 2022 8:05 pm

টি-২০ বিশ্বকাপ ২০২২-এর দ্বিতীয় সেমি-ফাইনালে অ্যাডিলেড ওভালে ভারতকে দশ উইকেটের লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন করে টুর্নামেন্ট জয়ের অন্যতম দাবীদার ইংল্যান্ড ফাইনালে পৌঁছেছে। জস বাটলার ও অ্যালেক্স হেলসের ওপেনিং জুটি ভারতীয় বোলারদের সামনে সংহারকের চেহারায় এসেছিলেন এবং অবিচ্ছেদ্য পার্টনারশিপে বেশ কিছু রেকর্ড গড়েছেন। হেলস তাঁর অনবদ্য ইনিংসের সৌজন্যে ম্যাচের সেরা নির্বাচিত হন। বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার আনন্দও প্রকাশ করেন তিনি।
দীর্ঘদেহী শক্তিশালী ওপেনিং ব্যাটার ২০১৯ বিশ্বকাপের আগে ‘ড্রাগ টেস্টে ব্যর্থ’ হওয়ায় ইংল্যান্ডের সাদা-বল দলের অন্যতম মূল স্তম্ভ থেকে রাতারাতি দল থেকে ছিটকে যান। জনি বেয়ারস্টোর দুর্ভাগ্যজনক চোটের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পাওয়ার আগে হেলস গত তিন বছর ধরে জাতীয় দলের বাইরে ছিলেন।
বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২০-২১-এ শীর্ষস্থানীয় রান স্কোরার হওয়ার কারণে অস্ট্রেলিয়ান কন্ডিশনে ব্যাট করার অভিজ্ঞতা রয়েছে এই ইংলিশম্যানের। সেমি-ফাইনালে তিনি সেই অভিজ্ঞতাগুলোকে দারুণভাবে কাজে লাগান এবং মাত্র ৪৭ বলে অপরাজিত ৮৬ রান করেন। শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে তাঁর পারফর্ম্যান্সে তিনি সন্তুষ্ট হয়েছেন এবং বলেছেন যে তিনি কখনই বিশ্বাস করেননি যে ২০১৯ সালের দুঃসময়ের পরে তিনি আবার বিশ্বকাপের ম্যাচে দলের প্রতিনিধিত্ব করবেন।
“এটি একটি বিশাল উপলক্ষ, আমি যেভাবে খেলেছি তাতে সত্যিই খুশি। আমি মনে করি এটি বিশ্বের সেরা মাঠগুলির মধ্যে একটি। স্কোয়্যার বাউন্ডারি ছোট হওয়ায় শটের দুর্দান্ত মূল্য আছে এবং এই মাঠে আমার ভালো স্মৃতি রয়েছে। আমি কখনই ভাবিনি যে আমি আবার বিশ্বকাপে খেলব, এবং এখানে সুযোগ পাওয়া একটি বিশেষ অনুভূতি। এটি এমন একটি দেশ যেখানে আমি খেলতে পছন্দ করি। জসও অবিশ্বাস্য ছিল,” ভারতের বিরুদ্ধে ম্যাচ-জয়ী ইনিংসের পরে হেলস বলেছেন।
অ্যালেক্স হেলস ও জস বাটলার ভারতের বিরুদ্ধে রেকর্ডগড়া পার্টনারশিপে জড়িত ছিলেন
অ্যালেক্স হেলস ও জস বাটলার টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে একতরফাভাবে রান তাড়া করার একটি বিস্ময়কর নজির গড়েছেন। একটিও উইকেট না হারিয়ে এবং চার ওভার বাকি থাকতে ভারতের ১৬৯ রানের লক্ষ্য অতিক্রম করেছে ইংল্যান্ড। উদ্বোধনী উইকেটে তাদের ১৭০ রানের পার্টনারশিপ বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ পার্টনারশিপ।
ইংল্যান্ড এখন ফাইনালে ঐতিহ্যমণ্ডিত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। এই মাঠেই ১৯৯২ সালের বিশ্বকাপ ফাইনালে দুই দল মুখোমুখি হয়েছিল।