কেকেআরের ফিল্ডিং কোচের দায়িত্বে প্রাক্তন নাইট রায়ান টেন ডাশকাটে
এ ছাড়া জেমস ফস্টারকে সহকারী কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে
আপডেট করা - Nov 8, 2022 4:40 pm

প্রাক্তন নেদারল্যান্ডস অধিনায়ক রায়ান টেন ডাশকাটে আইপিএলের আগামী মরসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ফিল্ডিং কোচের দায়িত্ব নিতে চলেছেন। জেমস ফস্টার দলের সহকারী কোচ হিসেবে উন্নীত হওয়ায় তাঁর ছেড়ে যাওয়া শূন্যস্থানে আসবেন এই অলরাউন্ডার। এর আগে কেকেআরের প্রধান কোচ হিসাবে ব্রেন্ডন ম্যাককালাম দায়িত্ব ছাড়ার পরে চন্দ্রকান্ত পণ্ডিতকে নিযুক্ত করা হয়েছিল। ম্যাককালাম ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচের ভূমিকায় যোগ দিয়েছেন।
উল্লেখ্য, ২০১২ ও ২০১৪ সালে কেকেআর ফ্র্যাঞ্চাইজির হয়ে শিরোপাজয়ী অভিযানে টেন ডাশকাটে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ৪২ বছর বয়সী ডাচ খেলোয়াড় আইপিএলে মোট ২৯টি ম্যাচে ২৩.২৯ গড়, ১৩৮.৭২ স্ট্রাইক রেট এবং ৭০ রানের সর্বাধিক স্কোরসহ ৩২৬ রান করেন। ফিল্ডার অসামান্য পারফর্ম্যান্স দেখানোর পাশাপাশি বল হাতেও অবদান রাখতেন তিনি।
ক্রিকবাজের সূত্র অনুসারে, কেকেআর জানিয়েছে যে টেন ডাশকাটে “সব সময়ই একজন নাইট রাইডার” থাকবেন। কেকেআর ফ্র্যাঞ্চাইজিতে যোগদানের ফলে টেন ডাশকাটে আইএলটি২০ লিগে আবুধাবি নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচ হিসেবেও কাজ করার সুযোগ পাবেন। তাঁর মতো টি-টোয়েন্টির একজন বর্ষীয়ান খেলোয়াড়ের অন্তর্ভুক্তি ফ্র্যাঞ্চাইজিকে নিঃসন্দেহে উপকৃত করবে।
ওডিআইতে ডাচ দলের হয়ে তাঁর সংক্ষিপ্ত আন্তর্জাতিক কেরিয়ারে টেন ডাশকাটে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছিলেন এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের সংস্করণ পর্যন্ত টি-টোয়েন্টি আন্তর্জাতিক দলের সঙ্গেও জইয় ছিলেন। ওয়ানডেতে ৬৭ গড় ব্যাট হাতে তাঁর ক্ষমতার প্রমাণ দেয় এবং নিয়মিত উইকেট নেওয়ার দক্ষতাও ছিল তাঁর।
এদিকে, নেদারল্যান্ডস সম্প্রতি টি-২০ বিশ্বকাপ ২০২২-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি বড় অঘটন ঘটিয়েছে। পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের বোলিং লাইন-আপ দুর্দান্ত পারফর্ম করলেও শেষ ম্যাচের আগে জিম্বাবোয়েকে ছাড়া সুপার ১২-এ অন্য কোন দলকে হারাতে পারেনি। তবে কলিন অ্যাকারম্যান, ব্যাস ডি লিডা, ব্র্যান্ডন গ্লোভারদের দাপটে প্রোটিয়াদের হারিয়ে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করেছে তারা। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থেকে অভিযান শেষ করেছে নেসারল্যান্ডস।