ভারতের অবিস্মরণীয় জয় ও বিরাট কোহলির ইনিংসের প্রতিটি বল দেখতে চান? তা হলে আজ রাত ৮টায় চোখ রাখুন স্টার স্পোর্টসে

দীপাবলি উপলক্ষে আরও একবার দেখানো হবে ভারত-পাকিস্তান ম্যাচ

India vs Pakistan
India vs Pakistan. (Photo by WILLIAM WEST/AFP via Getty Images)

রবিবার, ২৩শে অক্টোবর, আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২ সুপার ১২ পর্বে তাদের প্রথম ম্যাচে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) এবং পেন্ডুলামের মতো ম্যাচের নিয়ন্ত্রণ এক দলের দিক থেকে অন্য দলের দিকে ঘোরার পরে একটি উত্তেজনাপূর্ণ সমাপ্তিতে মেন ইন ব্লু চার উইকেটে জয় অর্জন করেছে। ঐতিহ্যমণ্ডিত এমসিজিতে এই অবিস্মরণীয় ম্যাচের সাক্ষী ছিল ৯০ হাজারেরও বেশী দর্শক এবং তাঁদের উপস্থিতি স্বাভাবিকভাবেই ম্যাচের পরিবেশে ভিন্ন মাদকতা এনেছিল। 

ইতিমধ্যে, জানা গেছে যে হাড্ডাহাড্ডি থ্রিলার ম্যাচটি টুর্নামেন্টের সম্প্রচারকারী স্টার স্পোর্টস দ্বারা পুনরায় সম্প্রচার করা হবে এবং উৎসাহী ক্রিকেট সমর্থকরা বিরাট কোহলির মাস্টারক্লাস ইনিংসটির প্রতিটি  বল দেখার সুযোগ পাবেন। দীপাবলিকে আরও উপভোগ্য করে তুলতে ম্যাচটির বল-বাই-বল পুনঃসম্প্রচার হবে সোমবার, ২৪শে অক্টোবর, ভারতীয় সময় রাত ৮টা থেকে। 

এমসিজিতে বিরাট কোহলির অতিমানবিক ইনিংসের সামনে পরাস্ত পাকিস্তান

ম্যাচের প্রসঙ্গে, পাকিস্তান প্রাথমিক ওভারে তাদের প্রধান দুই ব্যাটার অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে হারিয়েছিল অল্প রানের মধ্যেই এবং এক পর্যায়ে মনে হয়েছিল যে তাদের মিডল অর্ডার ব্যাটিংয়ের জন্য কঠিন পিচে এবং ভারতীয় বোলিংয়ের চাপে ভেঙে পড়তে পারে।

তবে শান মাসুদ ও ইফতিখার আহমেদের জুটি অনেক সাহসিকতার পরিচয় দিয়ে ভারতীয় বোলারদের পাল্টা আক্রমণ করেছিলেন। দুজনেই হাফ সেঞ্চুরি করেন এবং তাঁদের মধ্যে তৃতীয় উইকেটে ৭৬ রানের পার্টনারশিপ তৈরী হয়। টেল-এন্ডার শাহীন আফ্রিদির একটি বিশাল ছক্কা ও তার পরের বলেই মিড অফ দিয়ে মারা চার পাকিস্তানকে সাহায্য করেছিল এবং মেন ইন গ্রিন একটি প্রতিযোগিতামূলক স্কোর ১৫৯/৮ তোলে।

জবাবে, ভারতীয়রা সপ্তম ওভারে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল এবং মনে হয়েছিল ম্যাচ জেতার সম্ভাবনা প্রায় নেই। তবে সেই সময়ে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া ভারতীয় ইনিংসকে স্থির করার উদ্যোগ নিয়েছিলেন। দুজনে পঞ্চম উইকেটে ১১৩ রান যোগ করেন এবং বিরাট শেষ পর্যন্ত ৫৩ বলে অপরাজিত ৮২ রান করে ভারতকে ম্যাচ জেতান।

ভারত বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের উপর তাদের আধিপত্য অব্যাহত রেখেছিল এবং কোহলি তাঁর ম্যাচ জেতানো ইনিংসের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন।

close whatsapp