আহত জশ ইংলিসের পরিবর্তে অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে ক্যামেরন গ্রিন

গল্ফ খেলতে গিয়ে হাতে চোট পাওয়ায় টুর্নামেন্টের বাইরে ইংলিস

Cameron Green
Cameron Green. (Photo Source: Twitter)

অস্ট্রেলিয়ার দ্বিতীয় পছন্দের উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস টি-২০ বিশ্বকাপ ২০২২ থেকে বাদ পড়েছেন কারণ তিনি সম্প্রতি গল্ফ খেলার সময় চোট পেয়েছিলেন। তাঁর বদলি হিসাবে অস্ট্রেলিয়া ক্যামেরন গ্রিনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। গ্রিন সাম্প্রতিক ম্যাচগুলিতে অনবদ্য ফর্মে ছিলেন এবং ওপেনার হিসাবে ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে ঝোড়ো সূচনা এনে দিয়েছেন।

ইংলিস চোট পাওয়ার পর তাঁর পরিবর্ত হিসাবে যে কজন খেলোয়াড়ের নাম উঠে আসছিল তার মধ্যে ২৩ বছর বয়সী গ্রিন সবার চেয়ে এগিয়ে ছিলেন। তাঁর চিত্তাকর্ষক পারফর্ম্যান্স দেখে দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড গ্রিনকে আলোচনার আওতায় রেখেছিলেন।

ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভালো ফর্মে ছিলেন ক্যামেরন গ্রিন

২৩ বছর বয়সী এই বিস্ফোরক ব্যাটারটি গত মাসে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার অ্যাওয়ে সিরিজে ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে ওপেনার হিসাবে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন এবং তিনটি টি-টোয়েন্টির মধ্যে যে একটিতে অস্ট্রেলিয়া জেতে সেটিতে ৩০ বলে ৬১ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন।

অস্ট্রেলিয়া সিরিজ হেরে গেলেও, গ্রিন তিন ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি করতে সক্ষম হয়েছিলেন এবং বল হাতেও ভালো পারফর্ম করেন। তৃতীয় টি-টোয়েন্টিতে যেখানে বেশ কিছু বোলার ওভারপ্রতি দশ রানের বেশী দিয়েছিলেন সেখানে গ্রিন ৩ ওভারে মাত্র ১৪ রান দেন। গ্রিন এখনও অবধি ৭টি টি-টোয়েন্টি খেলে ১৩৬ রান করেছেন ১৭৪.৩৫ স্ট্রাইক রেটে। এর পাশাপাশি ৫ উইকেটও সংগ্রহ করেছেন।

তাঁর ফর্ম বিবেচনায় রাখলে গ্রিন অস্ট্রেলিয়ার স্কোয়াডে একটি অনবদ্য অন্তর্ভুক্তি হতে চলেছে, তবে এখন তাদের ১৫ জনের স্কোয়াডে উইকেটকিপার হিসাবে রইলেন শুধু ম্যাথিউ ওয়েড। কোন অনভিপ্রেত ঘটনার কারণে তিনি যদি কোন ম্যাচ খেলতে না পারেন তবে তাঁর পরিবর্ত হিসাবে কাকে উইকেটকিপিংয়ের দায়িত্ব দেওয়া হয়, সেদিকে নজর থাকবে। 

অস্ট্রেলিয়ার পরিবর্তিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।

close whatsapp