টূর্নামেন্ট থেকে ছিটকে গেলেও এখনই অবসর নিয়ে ভাবছেন না কায়রন পোলার্ড
স্বীকার করে নিলেন দল হিসেবে তাঁরা স্মার্ট ক্রিকেট খেলেননি
আপডেট করা - Nov 5, 2021 3:40 pm

সংযুক্ত আরব আমিরশাহীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর যে কানাঘুষো শোনা যাচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড অবসর নিতে চলেছেন সেই কথা তিনি নিজেই নস্যাত করেছেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবারের অভিযান একেবারেই তাদের জন্য অনুকূল ছিল না। তারা ৬ই নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের শেষ ম্যাচ খেলবে। এখনো অবধি চারটি ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে দু’বারের চ্যাম্পিয়নরা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ২০ রানে পরাজয়ের পরে, টি-টোয়েন্টির কিংবদন্তি ডোয়েন ব্রাভো ঘোষণা করেছিলেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন খেলাটিই হবে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে তাঁর শেষ ম্যাচ। যা থেকেই পোলার্ডের ভবিষ্যত সম্পর্কেও জল্পনা সৃষ্টি হয়েছিল। তবে, অধিনায়ক স্পষ্ট করেছেন, “আরো বেশ কিছুদিন চলার মতো প্রচুর মাইলেজ রয়েছে আমার।” পোলার্ড টুর্নামেন্টে তাঁর সেরা ফর্মের ধারেকাছে ছিলেন না। চার ইনিংসে মাত্র ৮৬.৭৯ স্ট্রাইক রেটে মোটে ৪৬ রান করেছেন।
“আমরা বয়স, গতিশীলতাকে একটি নেতিবাচক আলোতে দেখতেই পারি। তবে আমাদের এই সত্যের মুখোমুখি হতে হবে যে আমরা যথেষ্ট ভাল ছিলাম না। এখান থেকে আমি ওই সমস্ত কারণগুলি নিয়ে দোষারোপ করতে বসব না। আমরা ময়নাতদন্ত করব যে আসলে কী ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে। তবে এই ছেলেদের মধ্যে এখনও বিশ্বজুড়ে পারফর্ম করার ক্ষমতা আছে, এবং হ্যাঁ, যেমন আমি বলেছিলাম, আমরা হতাশ,” ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন।
অবসর নেওয়ার কোনও পরিকল্পনা অস্বীকার করে তিনি বলেছিলেন, আমার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কো্নো ইচ্ছা নেই। একটি টুর্নামেন্ট বা কয়েকটি খারাপ ম্যাচ একটি দলকে তৈরী করে না। ব্যক্তিগতভাবে আমার পক্ষে এখনো অনেক দূর যাওয়ার ক্ষমতা রয়েছে। আমার থাকা বা না থাকা নিয়ে সব সিদ্ধান্ত আমি একা নিতে পারি না।”
দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ “যথেষ্ট স্মার্ট” ছিল না – কায়রন পোলার্ড
“আমরা কঠোর প্রশিক্ষণ নিই। আমরা পরিকল্পনা করি। সেসব ঠিক আছে। তবে তারপরেও মাঠে গিয়ে পারফর্ম করতে হবে। এবং আমরা দল হিসেবে যথেষ্ট স্মার্ট ছিলাম না। আমরা যেমন ক্যারিবিয়ানে বলি, আপনি ঘোড়াটিকে নদীতে নিয়ে যেতে পারেন তবে আপনি তাদের জল পান করতে বাধ্য করতে পারবেন না। যখন ছেলেরা সেখানে ব্যাট করছে, বা আমি সেখানে ব্যাট করছি, তখন আমি এবং আমার সতীর্থরা সেই সমস্যাকে মোকাবিলা করতে পারিনি যেভাবে করা উচিত ছিল এবং তাই আমরা আজ এখানে দাঁড়িয়ে আছি।”