হাসারাঙ্গার মধ্যে মালিঙ্গার ছায়া দেখতে পান জয়াবর্ধনে
টি-২০ বিশ্বকাপ ২০২১-এ শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন হাসারাঙ্গা
আপডেট করা - Oct 12, 2022 2:01 pm

শ্রীলঙ্কা ক্রিকেটের পোস্টার বয়দের একজন ওয়ানিন্দু হাসারাঙ্গা গত বছর থেকেই তাঁর দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে ব্যতিক্রমী পারফর্ম্যান্স করছেন। লঙ্কানরা টি২০ বিশ্বকাপ ২০২১-এ প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হলেও হাসরাঙ্গা সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত টুর্নামেন্টের শীর্ষস্থানীয় উইকেট শিকারী ছিলেন।
সময়ের সাথে সাথে তাঁর পারফর্ম্যান্স আরও উন্নত হয়েছে এবং সদ্য সমাপ্ত এশিয়া কাপে ব্যাটিং, বোলিং উভয় বিভাগেই অনবদ্য পারফর্ম করে শ্রীলঙ্কাকে তাদের ষষ্ঠ মহাদেশীয় শিরোপা জিততে সাহায্য করার পাশাপাশি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারও পান।
শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে আন্তর্জাতিক ক্রিকেটে হাসরাঙ্গার উত্থানে খুশি হয়েছেন। ৪৫ বছর বয়সী জানিয়েছেন তাঁর মতে হাসারাঙ্গা হল দলের সমস্ত তরুণ খেলোয়াড়দের নেতা। কিংবদন্তি ক্রিকেটারের আরও বলেছেন যে দলের মনোনীত অধিনায়ক বা সহ-অধিনায়ক না হওয়া সত্ত্বেও ২৫ বছর বয়সী স্পিনার মাঠে তাঁর পারফর্ম্যান্সের ভিত্তিতে দলকে নেতৃত্ব দেন।
“গত ১২ মাসে সে দেখিয়েছে যে সে কতটা পরিপক্ব, শুধু বোলার হিসেবে নয় ব্যাট হাতেও। কঠিন পরিস্থিতিতে সে সত্যিই ভালো পারফর্ম করেছে। সহ-অধিনায়ক বা অধিনায়ক বা এই জাতীয় কিছু উপাধি না থাকলেও সে এই দলে একজন নেতা হিসাবে থাকে, এমন একজন নেতা হয়ে উঠেছে যার দিকে সমস্ত তরুণরা তাকিয়ে থাকে,” আইসিসি রিভিউয়ের সর্বশেষ পর্বে জয়াবর্ধনে বলেছেন।
হাসরাঙ্গার মধ্যে লাসিথ মালিঙ্গার বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন জয়াবর্ধনে
সঞ্জনা গণেশানের সাথে তাঁর কথোপকথনে মাহেলা প্রকাশ করেছেন হাসরাঙ্গার মধ্যে লাসিথ মালিঙ্গার বৈশিষ্ট্য খুঁজে পাওয়ার কথা। শ্রীলঙ্কার ক্রিকেটের অন্যতম সেরা পেসার মালিঙ্গা ক্রিকেট বিশ্বে ঝড় তোলার আগে প্রথমে লাজুক প্রকৃতির ছিলেন। হাসরাঙ্গার ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে। জয়াবর্ধনে দুই ক্রিকেটারের মধ্যে মিলগুলি তুলে ধরেছেন।
“যেভাবে সে উঠে আসছে… সেও [শ্রীলঙ্কার] দক্ষিণ থেকে, লাসিথ যেখানে ছিল (গল) তার বেশ কাছাকাছি এবং তাদের আচরণও একই রকম। যেভাবে তারা দুজনই তাদের কেরিয়ার শুরু করেছিল, নিঃশব্দে ড্রেসিংরুমের কোণে বসে থাকত এবং ধীরে ধীরে তারা বড় হতে থাকে।
“চুলের স্টাইল পরিবর্তন, ট্যাটু করা এবং পুরো ব্যাপারটাই। এটি (হাসারাঙ্গার বিকাশ) অনেকটা লাসিথ যেভাবে লাসিথ হয়ে উঠল তার সাথে মিল রয়েছে এবং আমি এভাবেই একজন খেলোয়াড় হিসাবে ওয়ানিন্দুকে উঠে আসতে দেখতে পাচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, লাসিথের মতো একবার মাঠে নামলে, সে একজন প্রতিযোগী; তার মধ্যে এটাই আমি পছন্দ করি,” জয়াবর্ধনে যোগ করেছেন।