রশিদের এক ওভারে দুটি ছয় মারতে দেখে রোহিতের প্রশংসায় পঞ্চমুখ ইনজামাম-উল-হক

প্রাক্তন পাক অধিনায়ক মনে করেন টূর্নামেন্টে ভারতের এখনো সম্ভাবনা আছে

Inzamam ul haq and Indian Cricket Team
Inzamam ul haq and Indian Cricket Team. (Photo Source: Getty Images)

প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইনজামাম-উল-হক ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে একজন উচ্চশ্রেণির ক্রিকেটার হিসাবে বর্ণনা করেছেন যিনি সর্বদা প্রতিপক্ষের শক্তিশালী বোলারদের মোকাবিলা করতে ইচ্ছুক। ইনজামামের মতে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন নম্বরে নামিয়ে ভারত যে ভুল করেছিল সেই ভুল সংশোধন করেছে রোহিতকে আফগানিস্তানের বিরুদ্ধে ওপেন করতে পাঠিয়ে এবং ভারত সেই সংশোধনের জন্য পুরস্কৃতও হয়েছে।

বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ৪৭ বলে ৭৪ রানের ইনিংসের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন রোহিত। ইনিংসের ১৪তম ওভারে তিনি টি-২০ ক্রিকেটের অন্যতম সেরা বোলার রশিদ খানকে পরপর দুটি ছক্কা মারেন, যা দেখে ইনজি মুগ্ধ। 

রোহিতের প্রশংসা করে, ইনজামাম তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন যে ভারতীয় ওপেনার একার দমেই সীমিত ওভারের ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। তিনি বলেন, “আগের ম্যাচে, রোহিত শর্মাকেব্যাটিং ক্রম থেকে নীচে নামানো হয়েছিল। যা দেখে মনে হচ্ছিল তাঁর উপর দলের আস্থা নেই। কিন্তু রোহিত শর্মা এমন এক ধরনের খেলোয়াড় যে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে একাই খেলা বদলে দিতে পারে।” 

রশিদেরকে লক্ষ্য করে রোহিতের আক্রমণ সম্পর্কে বিশেষভাবে কথা বলতে গিয়ে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক যোগ করেছেন, “যেভাবে সে প্রতিপক্ষ দলের প্রধান বোলার রশিদ খানকে আক্রমণ করেছিল এবং তাঁকে দুটি ছক্কা মেরেছিল তা অনন্য। আফগানদের বাকি বোলাররা তাদের প্রধান বোলারকে মার খেতে দেখে নিজেরাও হতাশ হয়ে পড়েছিল। এটাই রোহিত শর্মার ক্লাস। সে প্রতিপক্ষের শক্তিশালী বোলারদের আক্রমণ করে।”

রোহিত এবং কেএল রাহুল (৪৮ বলে ৬৯) আফগানিস্তানের বিরুদ্ধে ১৪০ রানের রেকর্ড ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলেন। ভারত নির্ধারত ২০ ওভারে ২ উইকেটে ২১০ রান করে এবং তারপর প্রতিপক্ষকে ৭ উইকেটে ১৪৪ রানে সীমাবদ্ধ রাখে। 

“টুর্নামেন্ট এখনো খোলা” – ইনজামাম মনে করেন  

জিতলেও ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। যদিও ইনজামামের মতে ভারত রান রেট আরো উন্নত করতে আত্মবিশ্বাসী হবে কারণ নিউজিল্যান্ডকে বনাম আফগানিস্তান ম্যাচে একটা অঘটন ঘটে যেতেই পারে। 

পাকিস্তানের কিংবদন্তি সেই বিষয়ে বিস্তারিতভাবে বলেছেন, “আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচটি এখন খুবই গুরুত্বপূর্ণ। রান রেট ভারতের জন্য কোনো সমস্যা নয়, সেটা আরো উন্নত করার ক্ষমতা তাদের আছে। তবে যদি টার্নিং ট্র্যাক পেয়ে আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারাতে পারে, তাহলে ভারত লাভবান হতে পারে। সেই ম্যাচে আফগানিস্তান জিতলে দুটি দলের নেট রান রেট নেমে আসতে পারে। আমি মনে করি নেট রান রেটের দ্বারা পরের পর্বে যাওয়া নির্ধারিত হলে ভারতের ক্ষমতা আছে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের নেট রান রেটকে টপকে যাওয়ার। হ্যাঁ, তাদের বর্তমান রান-রেট কম, তবে তারা নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিপক্ষে তা কভার করতে পারে। ভারতের জয়ের কারণে টুর্নামেন্ট এখনো খোলা আছে।” 

close whatsapp