আইপিএল ২০২৩-এর জন্য নিলাম হওয়ার সম্ভাবনা এই বছরের ১৬ই ডিসেম্বর
আসন্ন সংস্করণের নিলামটি স্বল্প ব্যপ্তিতে আয়োজিত হবে
আপডেট করা - Sep 23, 2022 5:31 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ মরসুমের নিলাম এই বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে, সম্ভাব্য তারিখ ১৬ই ডিসেম্বর। প্রাথমিক সূচী সম্পর্কে বিসিসিআই/আইপিএল প্রশাসনের কাছ থেকে ইঙ্গিত পাওয়ার পরে ফ্র্যাঞ্চাইজিগুলি সম্প্রতি অনানুষ্ঠানিকভাবে কথা বলেছিল বলে জানা গেছে।
যদিও নিলামের শহর এখনও ঠিক করা হয়নি, তবে এটি একটি মিনি-নিলাম হবে তা নিশ্চিত। যদিও লিগের সঠিক তারিখ এখনও অজানা, পরের সংস্করণটি ২০২৩-এর মার্চের চতুর্থ সপ্তাহে আবার হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটে শুরু হতে চলেছে। প্রতিটি দল কমপক্ষে ৫ কোটি টাকার সংস্থান নিয়ে নিলাম শুরু করবে কারণ বেতনের ক্যাপ বাড়িয়ে ৯৫ কোটি টাকা করা হয়েছে, যা গত বছরের ৯০ কোটি টাকার তুলনায় ৫ কোটি টাকা বেশী৷ যদি একটি ফ্র্যাঞ্চাইজি তার খেলোয়াড়দের অন্য দলের সঙ্গে বিনিময় করে বা ছেড়ে দেয়, তা হলে হাতে আরও বেশী থাকবে।
ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, আইপিএলের পরবর্তী সংস্করণের নিলাম ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং ফ্র্যাঞ্চাইজিগুলিকে এটি সম্পর্কে সচেতন করা হয়েছে। ১০টি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সম্মতি পাওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২ মরসুমের আগে, দুটি নতুন দল যোগ করার কারণে মেগা-নিলাম আয়োজন করা হয়েছিল, তবে এবার তা হবে না।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী, বৃহস্পতিবার, ২২শে সেপ্টেম্বর প্রকাশ করেছেন যে আইপিএলের ষোড়শ সংস্করণ নিয়মিত হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে খেলা হবে, যার অর্থ এই যে ম্যাচগুলি এবার দশটি কেন্দ্রে খেলা হবে। কোভিড মহামারীর কারণে বিগত তিনটি আইপিএল নির্দিষ্ট কিছু কেন্দ্রর মধ্যেই সীমাবদ্ধ ছিল।
বৃহস্পতিবার গাঙ্গুলী আরও উল্লেখ করেছেন যে বিসিসিআই বহুল প্রতীক্ষিত মহিলা আইপিএলের জন্য কিছু পরিকল্পনা তৈরি করেছে, যা আগামী বছরের মার্চে শুরু হতে পারে। টুর্নামেন্টটি আয়োজিত হলে বিশ্বজুড়ে অনেক মহিলা ক্রিকেটার মহিলা আইপিএলে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারেন।