কার্তিকের ঘাড় ধরে শাসন করলেন রোহিত! ভাইরাল হল দৃশ্যটি

স্পষ্টভাবে ম্যাক্সওয়েলের ক্যাচ নেওয়ার পরেও কার্তিক বিশেষ উৎসাহ দেখাননি

Dinesh Karthik and Rohit Sharma
Dinesh Karthik and Rohit Sharma. (Photo Source: Twitter)

মঙ্গলবার (২০শে সেপ্টেম্বর) মোহালিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারত ও অস্ট্রেলিয়া একটি উচ্চ-স্কোরিং ম্যাচে মুখোমুখি হয়েছিল। ২০৯ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে, অস্ট্রেলিয়া একটি দুর্দান্ত শুরু করেছিল ক্যামেরন গ্রিনের সৌজন্যে। তাঁর কেরিয়ারে প্রথমবারের জন্য ইনিংস ওপেন করে ২৬ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। তবে ইনিংসের দ্বিতীয়ার্ধে দ্রুত উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফিরে এসেছিল ভারত।

সেই উইকেটগুলির মধ্যে দুটি এসেছিল ভারতের সফল ডিআরএস গ্রহণের ফলে। দ্বাদশ ওভারে স্টিভ স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করতে ডিআরএস তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছিল। সেই ওভারে বোলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল উমেশ যাদবকে। সেই ওভারের শেষ বলে ম্যাক্সওয়েলের আউট হওয়া যত না আলোচিত হয়েছে, তার চেয়েও বেশী ভাইরাল হয়েছে ম্যাক্সওয়েলের আউটের জন্য ভারতের রিভিউ নেওয়া। রিভিউ নেওয়ার সিদ্ধান্তের পরে রোহিত শর্মার কার্তিকের ঘাড় চেপে ধরার ভিডিওটি অনেকের নজর কেড়েছে।

প্রথমে, মনে হয়েছিল যে ভারতীয় অধিনায়ক সম্ভবত তাঁর উইকেটকিপারের উপর বিরক্ত ছিলেন কারণ ক্যাচ নেওয়ার পরেও আউটের আবেদন করার জন্য কার্তিক যথেষ্ট সোচ্চার ছিলেন না। স্মিথের ক্যাচ নেওয়ার পর কার্তিক শান্তভাবে আবেদন করেছিলেন এবং তাঁকে দেখে মনে হচ্ছিল ক্যাচের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী নন। স্টাম্পের পিছনে ম্যাক্সওয়েলের ক্যাচের সময়ও একই ঘটনা ঘটে। আম্পায়ার দুটি ক্ষেত্রেই প্রথমে ভারতের আবেদন নাকচ করে দেন।

উভয় ক্ষেত্রেই রোহিত শর্মা আউটের বিষয়ে নিশ্চিত ছিলেন এবং আম্পায়ার আবেদন বাতিল করার পর রিভিউয়ের জন্য তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানো হয়। ম্যাক্সওয়েলের আউটের জন্য রিভিয় চাওয়ার পরেই রোহিতকে দেখা যায় কার্তিকের সাথে উত্তেজিত হয়ে কথা বলতে। তারপরে মজা করে তাঁর দুই হাত দিয়ে উইকেটকিপারের ঘাড় চেপে ধরেছিলেন অধিনায়ক, যে দৃশ্যটি টুইটারে ভাইরাল হয়ে যায়।

ম্যাথিউ ওয়েডের বিস্ফোরক ব্যাটিংয়ের সৌজন্যে চার বল বাকি থাকতে জিতেছে অস্ট্রেলিয়া

ওই ওভারে পরপর দুই উইকেট নেওয়ার পরেও উমেশ যাদবকে বিস্ময়করভাবে আর কোন ওভার দেননি রোহিত। পরিবর্তে ডেথ ওভারে দায়িত্ব দেওয়া হয়ে ভুবনেশ্বর কুমার ও হর্ষল প্যাটেলকে। শেষ ৪ ওভারে ৫৫ রান বাকি থাকা অস্ট্রেলিয়া চার বল বাকি থাকতেই লক্ষ্য অতিক্রম করে। ম্যাথিউ ওয়েড ২১ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন।

close whatsapp