দক্ষিণ আফ্রিকার হয়ে ডেথ বোলিংয়ের “কুৎসিত কাজ” করতে আপত্তি নেই ডোয়েইন প্রিটোরিয়াসের
আজ দক্ষিণ আফ্রিকা নামছে বাংলাদেশের বিরুদ্ধে
আপডেট করা - Nov 2, 2021 2:55 pm

দক্ষিণ আফ্রিকার ডোয়েইন প্রিটোরিয়াস টি-টোয়েন্টি বিশ্বকাপে ডেথ বোলিংয়ের “কুৎসিত কাজ” করে খুশি কারণ তিনি তাঁর অন-অফ কেরিয়ারের হারিয়ে যাওয়া সময়ের ক্ষতি পূরণ করতে চান।
অস্ট্রেলিয়ার কাছে প্রতজম ম্যাচ হারার পর ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কাকে হারিয়ে প্রোটিয়ারা দুরন্তভাবে টূর্নামেন্টে ফিরে এসেছে। এই প্রত্যাবর্তনের পিছনে বড় অবদান প্রিটোরিয়াসের। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ছয় উইকেট শিকার করেছেন মিডিয়াম-পেস বোলিং অলরাউন্ডার প্রিটোরিয়াস।
৩২ বছর বয়সে এসে জাতীয় দলের যে কোন সুযোগই তাঁর কাছে মূল্যবান মনে করেন প্রিটোরিয়াস। “আমি যদি দলের জন্য একটি কাজ করতে পারি এবং আমাদের আরও ভাল পরিস্থিতিতে রাখতে পারি, তবে আমি সেই কুৎসিত কাজটি করতে রাজি আছি,” আবু ধাবিতে মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সোমবার প্রিটোরিয়াস বলেছিলেন।
“এটি এমন একটা কাজ যা সর্বদা সবচেয়ে সুন্দর দেখায় না কিন্তু এটি খুব কার্যকর। এবং এই কাজটি করার ক্ষেত্রে গোটা কেরিয়ারেই নিজের উপর আস্থা রেখেছি।”
এই বিশ্বকাপে প্রিটোরিয়াস প্রায় বাদ পড়ে যাচ্ছিলেন ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে আঘাত পাওয়ার ফলে। এই বছরের শুরুতে কোভিড পজিটিভও হন তিনি। যদিও তিনি মনে করেন এই ধরনের বিপত্তিতে অভ্যস্ত হয়ে গেছেন।
কেরিয়ারের শুরুর দিকে দুই হাঁটুর অস্ত্রোপচারের পর তিনি অ্যাকাউন্টিংয়ে ডিগ্রি শেষ করার জন্য ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। ২৭ বছর বয়সে ২০১৬ সালে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়েছিল।
বিতর্কের মাঝেও দলের একতাবদ্ধ থাকা প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে অবাক করে যে এই দলটি কীভাবে একসাথে আছে। আসলে কী বিতর্ক হয়েছে তা এখন বিবেচ্য নয়। আমরা এখন বেশ কিছুদিন ধরে একসাথে রয়েছি। কোভিড এবং বায়ো বাবল জীবনের মাঝে এটি সম্ভবত আমাদের সবচেয়ে বড় সুবিধাগুলির মধ্যে একটি। সত্যিই একসাথে অনেক সময় কাটাতে বাধ্য হয়েছি।”
নিজেদের ৮০ থেকে ৯০ শতাংশ দিতে পেরেছি – রাসেল ডমিঙ্গো
অন্যদিকে সুপার ১২তে সবকটি ম্যাচ হারার পর বাংলাদেশের দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, “অবশ্যই ছেলেরা হতাশ। তারা এটা বোঝে দেশের মানুষের প্রত্যাশা বেশি। জয়ের বাধা অতিক্রম করতে না পারায় সমর্থকরা হতাশ, সেটা তারা বোঝে।”
দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার পর বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে অভিযান শেষ করবে বাংলাদেশ। ডোমিঙ্গো বিশ্বাস করেন দল ততোটাও খারাপ খেলেনি যতোটা ফলাফল দেখে মনে হচ্ছে। তিনি বলেন, “আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেছি। আমরা ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে খেলেছি, যারা বেশ শক্তিশালী প্রতিপক্ষ। আমরা সম্ভবত সেই দুটি ম্যাচে নিজেদের ৮০ থেকে ৯০ শতাংশ দিতে পেরেছি।”