টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য মহম্মদ নবির নেতৃত্বাধীন ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল আফগানিস্তান
২২শে অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানিস্তান
আপডেট করা - Sep 15, 2022 2:51 pm

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি), বৃহস্পতিবার, ১৫ই সেপ্টেম্বর, আসন্ন আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। মহম্মদ নবি দলের নেতৃত্ব দেবেন, এবং তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সহ-অধিনায়ক নাজিবুল্লাহ্ জাদরান। সদ্য সমাপ্ত এশিয়া কাপ ২০২২-এর দল থেকে বেশ কয়েকজন খেলোয়াড়কে বাদ দিয়ে অনেকটাই ভিন্ন একটি স্কোয়াড নির্বাচন করা হয়েছে।
দলের বেশ কিছু নতুন মুখ রেখেছে আফগানিস্তান
মিডল অর্ডার ব্যাটার ও ডান-হাতি অফ-ব্রেক বোলার দারউইশ রাসুলি, যিনি এই বছরের শুরুতে টি-টোয়েন্টিতে অভিষেক করেছিলেন এবং মাত্র চারটি টি-টোয়েন্টি খেলেছেন, মূল দলে অন্তর্ভুক্ত হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তুলনামূলকভাবে নতুন কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলা স্পিনার কাইস আহমেদও স্কোয়াডে ডাক পেয়েছেন। ডানহাতি লেগ ব্রেক বোলার এখনও পর্যন্ত আফগানিস্তানের হয়ে মাত্র দুটি টি-টোয়েন্টি খেলেছেন এবং একটি উইকেট নিয়েছেন।
২০ বছর বয়সী সালিম সফি এখনও আন্তর্জাতিক অভিষেক করতে পারেননি, তবে তাঁকে ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে। এই ডান-হাতি ফাস্ট বোলার ১২টি ঘরোয়া টি-২০ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন। আফসার জাজাই, শরাফউদ্দিন আশরফ, গুলবাদিন নাইব এবং রহমত শাহ রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে যাবেন। উল্লেখ্য, এশিয়া কাপ ২০২২-এ স্কোয়াডে থাকা করিম জানাত, সামিউল্লাহ্ শিনওয়ারি, নূর আহমেদ, এবং হাশমতুল্লাহ শাহিদি অস্ট্রেলিয়াগামী বিমানে থাকছেন না।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর জন্য আফগানিস্তান স্কোয়াড: মহম্মদ নবি (অধিনায়ক), হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ্ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, নাজিবুল্লাহ্ জাদরান, কাইস আহমদ, উসমান ঘানি, রশিদ খান, আজমতউল্লাহ্ ওমরজাই, নাভীন-উল হক, মুজিব-উর-রহমান, সালিম সফি, ফজল হক ফারুকী, ফরিদ আহমদ মালিক।
রিজার্ভ: আফসার জাজাই, শরাফউদ্দিন আশরফ, গুলবাদিন নাইব, রহমত শাহ।