টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য বাংলাদেশ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল, বাদ গেলেন অভিজ্ঞ ক্রিকেটার
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রি-দেশীয় সিরিজেও এই স্কোয়াড খেলবে
আপডেট করা - Sep 14, 2022 3:09 pm

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫ সদস্যের দল ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। জল্পনা সত্যি করে দিয়ে এই স্কোয়াডে জায়গা পাননি অভিজ্ঞ অলরাউন্ডার ও প্রাক্তন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। যেখানে কয়েক মাস আগেও দলের অধিনায়কত্ব করছিলেন, সেখানে এখন মাহমুদউল্লাহর টি-২০ বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া তাৎপর্যপূর্ণ বিষয়।
অন্যদিকে, বিস্ময়করভাবে বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের হয়ে ৯টি টি-২০ ম্যাচ খেলে ১৮.৫০ গড় এবং ১০৪.২২ স্ট্রাইক রেটে ১৪৮ রান করা শান্ত্র নির্বাচন নিয়ে পরবর্তী কালে প্রশ্ন উঠতে পারে। এ ছাড়া এশিয়া কাপের দলে থাকা মুশফিকুর রহিম টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়ায় স্বাভাবিকভাবেই বৈশ্বিক ইভেন্টের স্কোয়াডে থাকছেন না।
চোটমুক্ত হয়ে প্রত্যাবর্তন নুরুল হাসান সোহান ও লিটন দাসের
চোট কাটিয়ে দলে ফিরছেন দুই উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান ও লিটন দাস। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শাকিব আল হাসানের সহকারী হিসেবে থাকছেন নুরুল। এশিয়া কাপের স্কোয়াডে থাকা তিন ওপেনার এনামুল হক বিজয়, নাইম শেখ ও পারভেজ হোসেন ইমন অস্ট্রেলিয়ার বিমানে থাকছেন না। মহাদেশীয় টুর্নামেন্টে না থাকলেও ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও হাসান মাহমুদ অস্ট্রেলিয়ায় যাচ্ছেন।
এশিয়া কাপের স্কোয়াড থাকা স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানও বাদ পড়েছেন। যদিও তিনি মূল দলে না থাকলেও স্ট্যান্ড-বাই তালিকায় আছেন। এ ছাড়া গত কয়েকদিন আলোচনায় উঠে আসা সৌম্য সরকারও থাকছেন স্ট্যান্ড বাই তালিকায়। এই দুজনের সঙ্গে পেসার শরিফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেনকেও স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর জন্য বাংলাদেশ স্কোয়াড: শাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেইন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), মুস্তাফিজুর রহমান, মহম্মদ সইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত।
স্ট্যান্ড-বাই- শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী ও সৌম্য সরকার।