চোট পেয়ে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বাদ মিচেল মার্শ, মিচেল স্টার্ক ও মার্কাস স্টইনিস
২০শে সেপ্টেম্বর মোহালিতে প্রথম টি-২০ ম্যাচ আয়োজিত হবে
আপডেট করা - Sep 14, 2022 2:21 pm

ক্রিকেট অস্ট্রেলিয়া ভারত সফরের জন্য তাদের দলে তিনটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে কারণ মিচেল স্টার্ক, মিচেল মার্শ ও মার্কাস স্টইনিস চোটের কারণে বাদ পড়েছেন। মাত্র এক মাসের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে, তার আগে অস্ট্রেলিয়া খেলোয়াড়দের নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়ছে না।
স্পিডস্টার মিচেল স্টার্ক হাঁটুর চোটের কারণে ভারত সফরে আসতে পারবেন না বলে জানা গেছে। তাঁর পরিবর্তে দলে আসবেন শন অ্যাবট। এদিকে, মিচেল মার্শ এখনও তাঁর গোড়ালির চোট সারিয়ে সুস্থ হয়ে উঠতে পারেননি এবং অন্যদিকে স্টইনিস সাইড স্ট্রেনে ভুগছেন। বিশ্বকাপের আগে ওপেনার ডেভিড ওয়ার্নারকে বিশ্রাম পাওয়ায় তিনিও এই সফরে থাকছেন না।
দুই আহত খেলোয়াড়ের জায়গায় ন্যাথান এলিস ও ড্যানিয়েল স্যামস দলে আসবেন। তবে, ঘরের মাঠে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে এই ত্রয়ী দলে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
চোটের কারণে মার্শের অনুপস্থিতিতে স্টিভ স্মিথ আবার তিন নম্বর পজিশনে ব্যাটিং করার সুযোগ পাবেন। টিম ডেভিডেরও অস্ট্রেলিয়ার হয়ে বহুল প্রতীক্ষিত অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, জশ ইংলিস বর্তমানে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সাথে ওপেনার হিসেবে নামার প্রধান দাবিদার।
ভারত সফরের আগে অ্যারন ফিঞ্চকে সমর্থন করেছেন ম্যাক্সওয়েল
অধিনায়ক অ্যারন ফিঞ্চ ইদানীং রান হাতড়ে বেড়াচ্ছেন এবং তাঁর ফর্ম অস্ট্রেলিয়ান দলের জন্য উদ্বেগের বিষয়। তাঁর চলমান খারাপ ফর্ম এবং ফিটনেস সংমস্যার কারণে ৩৫ বছর বয়সী ব্যাটার তাঁর ওয়ানডে কেরিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছিলেন। টি-টোয়েন্টিতে তাঁর ভবিষ্যৎ নির্ধারণ করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর।
এমন চাপের পরিস্থিতিতে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ভক্তদের আশ্বস্ত করে বলেছেন যে ফিঞ্চ শীঘ্রই তাঁর ফর্ম ফিরে পাবেন এবং ভারতের বিরুদ্ধে ভালো খেলবেন। ফার্স্ট নেশনস ওয়ার্ল্ড কাপ কিট লঞ্চের সময় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ম্যাক্সওয়েল জানিয়েছেন যে ৩৫ বছর বয়সী ব্যাটার ভারতে ব্যাট করতে পছন্দ করেন। তিনি আরও প্রকাশ করেছেন যে যদিও এই মুহূর্তে ফিঞ্চ ফর্মের বাইরে, তবুও তিনি অধিনায়ক হিসাবে খুবই তীক্ষ্ণ।
“সে অবশ্যই ভারতে এই ম্যাচগুলি উপভোগ করবে, সে সেখানে ব্যাটিং উপভোগ করে। একবার সে মাঠে নামলে এবং সেখানে দলের নিয়ন্ত্রণ নিলে সে নিজের কাজের উপর ভালোভাবে ফোকাস করতে সক্ষম হয়। স্পষ্টতই, একদিনের ক্রিকেটে তার সহজ সময় ছিল না কিন্তু তার মনোভাব কখনোই বদলায়নি। সে কৌশলগত দিক দিয়ে উজ্জ্বল ছিল। অধিনায়ক হিসেবে তার মূল্য কম নয়,” বলেছেন ম্যাক্সওয়েল।
ভারতের টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড: শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), টিম ডেভিড, ন্যাথান এলিস, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, ড্যানিয়েল সামস, স্টিভ স্মিথ , ম্যাথু ওয়েড, অ্যাডাম জ্যাম্পা।