ভারত হারায় নির্বাচকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আকাশ চোপড়া
আপডেট করা - Nov 1, 2021 5:29 pm

নিউজিল্যান্ড ম্যাচে রোহিত শর্মার ব্যাটিং অর্ডার নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন সুনীল গাভাসকার। তারপর টিম ইন্ডিয়া গুরুত্বপূর্ণ ম্যাচ হারায় এবার নির্বাচকদের এক হাত নিলেন ভারতের প্রাক্ত ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি তাঁর ইউটিউব চ্যানেলে জানান, ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে সূর্যকুমারের জায়গায় ইশান কিষাণ ছাড়া আর কোনও অপশান ছিল না কেন? নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয় নিয়ে প্রশ্ন তুললেন আকাশ চোপড়া।
একটি ভারসাম্যপূর্ণ দল বাছাই না করার জন্য ভারতের নির্বাচকদের সমালোচনা করলেন আকাশ। তাঁর মতে, ‘আপনি কেন এটা করলেন তা নিয়ে একটা প্রশ্ন থাকবেই। নির্বাচকরা কী করেছে? আপনি শুধু একজন অতিরিক্ত ব্যাটার দিয়েছেন এবং তিনি একজন ওপেনার, যখন আপনার দলে ইতিমধ্যেই তিন জন ওপেনার আছে।’
আকাশ চোপড়ার সংযোজন, ‘সুতরাং, যদি একজন মিডল অর্ডার ব্যাটসম্যান অসুস্থ হয়ে পড়েন, জ্বর হয় বা কিছু হয় তবে আপনাকে একজন ওপেনারকেই খেলাতে হবে। হয় আপনি তাকে তার ব্যাটিং পজিশনের বাইরে ব্যাট করাবেন অথবা যদি আপনি তাকে তার অবস্থান দেন তবে বাকিদের নিজেদের জায়গা ছাড়তে হবে।’
পাশাপাশি তিনি আরও বলেন, ‘আপনি কেন রোহিত শর্মাকে ওপেন করাননি? বাঁ-হাতি ফাস্ট বোলার ম্যাচআপ কি আপনার মাথায় খেলছিল এবং সেই কারণেই আপনি ইশানকে ওপেনিং-এ পাঠিয়েছেন? কিন্তু আপনার নম্বর ১, ২ এবং ৩ বিশ্বের সেরা, তাই তাদের ১, ২ এবং ৩ এই ব্যাট করা উচিত।’