এশিয়া কাপ ২০২২: সুপার ফোর, ম্যাচ ৫ – ভারত বনাম আফগানিস্তান, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ
এই ম্যাচে ভারত একাদশে বেশ কিছু পরিবর্তন করতে পারে
আপডেট করা - Sep 7, 2022 7:47 pm

রোহিত শর্মার ৭২ রানের ইনিংস সত্ত্বেও ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭৩ রানের বেশী করতে পারেনি এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে হারায় এশিয়া কাপ থেকে বিদায় নেওয়ার মুখে। এই ম্যাচে নামার আগেই তাদের বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে যদি না আফগানিস্তান পাকিস্তানকে হারাতে পারে। যদি পাকিস্তান জিতে যায় সেক্ষেত্রে ভারত বিদায় নিলেও আসন্ন ম্যাচকে পরীক্ষা-নিরীক্ষার জন্য কাজে লাগাতে পারে। চোট পেয়ে আভেশ খান স্কোয়াড থেকে ছিটকে গেছেন এবং দীপক চাহার দলে ফিরেছেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের বোলিং প্রথম দশ ওভারে একেবারেই নখদন্তহীন দেখিয়েছিল এবং লঙ্কান ওপেনাররা ৯৭ রানের পার্টনারশিপ গড়েছিল। যুজবেন্দ্র চাহাল একই ওভারে জোড়া উইকেট নিয়ে ভারতকে আশা দিলেও শেষ অবধি এক বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। পাকিস্তান ম্যাচের মতো শ্রীলঙ্কার বিরুদ্ধেও ভারতের মিডল অর্ডার ব্যর্থ হয়েছে। ফলে সেই দিকে নজর দিতে চাইবেন কোচ।
আফগানিস্তানের ধ্বংসাত্মক উইকেটকিপার-ব্যাটার রহমানুল্লাহ্ গুরবাজ পাকিস্তান ম্যাচে নামার আগে ১৩৫ রান করে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। এ ছাড়া মিডল অর্ডারে নাজিবুল্লাহ্ জাদরানও ভালো ফর্মে আছেন। দুই তারকা স্পিনার মুজিব-উর-রহমান ও রশিদ খান যে কোন মুহূর্তে ম্যাচের চেহারা বদলে দিতে পারেন। তবে অলরাউন্ডার হিসেবে খেলা মহম্মদ নবি, আজমতউল্লাহ্ ওমরজাইদের ফর্ম আফগান দলের চিন্তার কারণ হতে পারে।
পিচ রিপোর্ট
দুবাইয়ের পিচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দলই জিতছে সাম্প্রতিক ম্যাচগুলিতে। ফলে টসজয়ী অধিনায়ক চাইবেন প্রথমে বোলিং করতে। প্রথমে ব্যাটিং করা দলকে জিততে হলে অন্তত ১৯০ রান করতে হবে।
ভারত
ভারতের একাদশে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। যুজবেন্দ্র চাহাল তিন উইকেট নিলেও প্রথম দুই ওভারে ২৩ রান দিয়েছিলেন। তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোইয়ের আরও একটি সুযোগ প্রাপ্য। দীপক হুডা দুই ম্যাচে সুযোগ পেলেও প্রভাব ফেলতে পারেননি। কেএল রাহুলের ফর্মও আশাপ্রদ নয়। দীপক চাহারকে ম্যাচে সুযোগ দিয়ে দেখতে পারে ভারত।
সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পান্ত, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), দীপক চাহার, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং।
আফগানিস্তান
শ্রীলঙ্কার বিরুদ্ধে আফগানিস্তানের স্পিনাররা বিশেষ প্রভাব ফেলতে পারেননি। সেই ভুল পাকিস্তান ম্যাচে শুধরে নিয়ে ভারতের বিরুদ্ধে আরও ভালো বোলিং করার লক্ষ্য থাকবে রশিদ, মুজিবদের। রহমানউল্লাহ্ গুরবাজ অনবদ্য ফর্মে থাকলেও তাঁর ওপেনিং সঙ্গী হজরতউল্লাহ্ জাজাইকে আগ্রাসী হতে হবে। শুরুতে বাঁ-হাতি পেসার ফজলহক ফারুকীর সুইং ভারতীয় ব্যাটারদের বিপদে ফেলতে পারে।
সম্ভাব্য একাদশ: হজরতউল্লাহ্ জাজাই, রহমানউল্লাহ্ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ্ জাদরান, করিম জানাত, মহম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ্ ওমরজাই, মুজিব-উর-রহমান, ফারিদ আহমাদ, ফজলহক ফারুকী।
ভারত বনাম আফগানিস্তান হেড-টু-হেড
ম্যাচ – ৩ | ভারত – ৩ | আফগানিস্তান – ০
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০
টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার