আইপিএল থেকে অবসর নিলেন মিস্টার আইপিএল সুরেশ রায়না

আইপিএল ২০২২ মেগা নিলামে কোন দল তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি

Suresh Raina
Suresh Raina. (Photo Source: Twitter)

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ মরসুমে অবিক্রিত থাকার পরে এখন অবসর নিতে চলেছেন। চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাঁকে নিলামের আগে ধরে না রাখার সিদ্ধান্ত নেয় এবং অন্য কোন দল তাঁকে কিনতে আগ্রহী না হওয়ায় মেগা নিলামে রায়নার অবিক্রিত থাকা ক্রিকেটপ্রেমীদের বিস্ময়ের কারণ হয়েছিল। রায়না ২০২০ সালের অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, সেই একই দিনে এমএস ধোনিও ভারতের আর না খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

দৈনিক জাগরণের একটি প্রতিবেদনে ২০২৩ সংস্করণের আগে আইপিএল থেকে সুরেশ রায়নার অবসর নেওয়ার খবর প্রকাশ করা হয়েছে। আরও যোগ করেছে যে ক্রিকেটার তাঁর সিদ্ধান্ত বিসিসিআই এবং উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (ইউপিসিএ) জানিয়েছেন। তিনি এখন সারা বিশ্বের টি-টোয়েন্টি লিগে অংশ নেবেন।

আমি আরও ২-৩ বছর ক্রিকেট খেলতে চাই: সুরেশ রায়না

“আমি আরও ২-৩ বছর ক্রিকেট খেলতে চাই। উত্তরপ্রদেশের দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে এবং তারা সত্যিই ভাল পারফর্ম করছে। আমি ইউপিসিএ-র থেকে এনওসি পেয়েছি এবং বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ও সহ-সভাপতি রাজীব শুক্লাকে আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি। আমার কেরিয়ার জুড়ে আমাকে সমর্থন করার জন্য আমি ইউপিসিএ ও বিসিসিআইকে ধন্যবাদ জানাই। এখন আমি সারা বিশ্বের টি-টোয়েন্টি লিগে খেলব,” রায়না বলেছেন।

“১০ই ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে আমি থাকব৷ এখনও অবধি দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিরা আমার সাথে যোগাযোগ করেছে। পরিস্থিতি পরিষ্কার হয়ে গেলে আমি নিজেই সবাইকে জানিয়ে দেব,” রায়না যোগ করেছেন।

সুরেশ রায়নার আইপিএল কেরিয়ার বিবেচনা করলে নিঃসন্দেহে বলা যায় তিনি টি-২০ টুর্নামেন্টটির অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হবেন। ২০১৬ ও ২০১৭ মরসুম বাদ দিলে, যে দুটি মরসুমে গুজরাত লায়ন্সের হয়ে খেলেছিলেন রায়না, ২০০৮ থেকে ২০২১ অবধি চেন্নাই সুপার কিংস দলের সদস্য ছিলেন রায়না। দলের হয়ে চারটি আইপিএল শিরোপা জিতেছেন।

২০৫টি আইপিএল ম্যাচ খেলে তিনি মোট ৫৫২৮ রান করেছেন, যা টুর্নামেন্টের ইতিহাসে পিঞ্চম সর্বোচ্চ। ৩২.৫২ গড়ে এবং ১৩৬.৭৩ স্ট্রাইক রেটে রান করা রায়নার সংগ্রহে ৩৯টি হাফ সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি, সর্বোচ্চ রান ১০০। চেন্নাই সুপার কিংসের নিয়মিত অধিনায়ক এমএস ধোনি অনুপস্থিত থাকাকালীন তিনি সিএসকের নেতৃত্বও দিয়েছেন। এ ছাড়া দুই বছরের জন্য তিনি গুজরাত লায়ন্সেরও অধিনায়কত্ব করেছেন।

close whatsapp