শাহীনের মতো বোলিং করে ভারতকে বিপাকে ফেলার হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রেন্ট বোল্ট

আগামীকাল মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড

Trent Boult and Virat Kohli
Trent Boult and Virat Kohli. (Photo Source: Getty Images)

নিউজিল্যান্ড তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এর আসন্ন খেলায় ভারতের মুখোমুখি হতে প্রস্তুত। ম্যাচের আগে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ভারতকে হুঁশিয়ারি দিয়ে তাঁর লক্ষ্যের কথা জানিয়ে রাখলেন। পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহীন শাহ আফ্রিদি যেভাবে শুরুতে সুইং দিয়ে ভারতকে বিপাকে ফেলেছিলেন সেভাবেই ভারতকে তিনিও বিপদে ফেলতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। 

রোহিত শর্মা এবং কেএল রাহুল দুজনকেই পাওয়ারপ্লের মধ্যেই ড্রেসিংরুমে পাঠিয়ে শাহীন বিধ্বংসী মেজাজে ম্যাচ শুরু করেন। এরপর ইনিংসের শেষ দিকে তিনি তাঁর স্পেল শেষ করতে ফিরে আসেন এবং হাফ সেঞ্চুরী করে সেট হয়ে যাওয়া বিরাট কোহলির বড় উইকেট তুলে নেন। ভারতকে মাত্র ১৫১/৭-এ সীমাবদ্ধ করতে তাঁর অবদান অনস্বীকার্য। ওই বোলিং পারফর্ম্যান্সের জোরেই পাকিস্তান যে কোন বিশ্বকাপে ১৩ বারের চেষ্টায় প্রথম বারের জন্য ভারতকে হারাতে সক্ষম হয়। 

বোল্ট আফ্রিদির ওই স্পেল দেখে মুগ্ধ হয়েছেন এবং স্পষ্ট জানিয়েছেন ভারতের বিরুদ্ধে শুরুতে উইকেট তোলাই হবে তাঁদের প্রধান লক্ষ্য। তিনি আশা করছেন ম্যাচের পরিস্থিতি তাঁর বোলিংয়ের জন্য অনুকূল থাকবে। 

“নির্ভর করছে আমি কখন বল পাব। কোন ওভারে কে বোলিং করছে , সেই ব্যাপারে কী পরিকল্পনা হয়েছে সেই সম্পর্কে আমিনিশ্চিত নই। ভারতের বিপক্ষে শাহিন যেভাবে বোলিং করেছে তা আশ্চর্যজনক ছিল, কিন্তু হ্যাঁ ভারতের কাছে বড় ব্যাটার রয়েছে। শুরুতে উইকেট নেওয়ার দিকেই আমাদের ফোকাস কিন্তু নির্ভুল জায়গায় বল করে যাওয়ার কথাটাও মাথায় রাখতে হবে। আশা করি বল সুইং করবে এবং শাহীন আগের রাতে যা করেছিল তা আমি করে দেখাতে পারব,” ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বোল্ট বলেন। 

ভারত অনেক চ্যালেঞ্জের সামনে দাঁড় করায়: ট্রেন্ট বোল্ট

দুই দলই পাকিস্তানের বিপক্ষে তাদের আগের ম্যাচে হেরেছে। সুতরাং, দুই দলই জয়ের রাস্তায় ফিরতে আগ্রহী। এখানে একটি পরাজয় তাদের টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার সম্ভাবনাকে কঠিন করে তুলতে পারে। বোল্ট আরও বলেছেন যে নিউজিল্যান্ড প্রথমে বোলিং বা ব্যাট যাই করুক না কেন সেটা ভালোভাবে করতে হবে শক্তিশালী ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে। 

“আমরা প্রথমে যাই করি না কেন, আমাদের ভালভাবে করতে হবে। ভারত অনেক চ্যালেঞ্জের সামনে দাঁড় করায়, তারা একটি উৎকৃষ্ট মানের দল। বল হাতে আমাদের পরিষ্কার পরিকল্পনা থাকতে হবে কীভাবে বোলিং করলে ওদের ব্যাটারদের রোখা সম্ভব এবং যদি আগে ব্যাটিং করতে হয় তাহলে যতটা সম্ভব বড় রানের লক্ষ্য খাড়া করতে হবে। আমরা ম্যাচে নামার জন্য উন্মুখ হয়ে আছি,” যোগ করেছেন বোল্ট। 

close whatsapp