দুবাইয়ে ভারত বনাম পাকিস্তান ম্যাচে বাবর আজমদেরই এগিয়ে রাখছেন সরফরাজ আহমেদ
আপডেট করা - Aug 18, 2022 6:07 pm

এশিয়া কাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এখন শুধুই প্রতিযোগিতা শুরু হওয়ার অপেক্ষ। আর সেখানেই যে সকলের চোখ ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিকে তা বলার অপেক্ষা রাখে না। ভার বনা পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তাপের পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে। ২৮ অগস্ট দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শেষ হাসি কার মুখে ফুটবে তা ঘিরে এখন থেকেই জল্পনা চরমে পৌঁছেছে। এই মুহূর্তে দুই দলই দুরন্ত ফর্মে রয়েছে। কিন্তু ভারত বনাম পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার আগে পাকিস্তানকেই এগিয়ে রাখছেন সরফরাজ আহমেদ।
দীর্ঘদিন ধরেই এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। আইসিসির প্রতিযোগিতাতেই মুখোমুখি হয় তাদের। গত বিশ্বকাপেই পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বড় অঘটনটা ঘটেছে ভারতের। কোনও বিশ্বকাপের মঞ্চে প্রথমবার পাকিস্তানের কাছে হেরেছে ভারত। বিরাট কোহলির নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল টিম ইন্ডিয়া। এবার এশিয়া কাপেও ফের সেই পাকিস্তানের বিরুদ্ধেই যাত্রা শুরু করবে ভারতীয় দল।
গত বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারতীয় দল
সেই লড়াই শুরু হওয়ার আগে পাকিস্তানকেই খানিকটা এগিয়ে রাখছেন প্রাক্তন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। তাঁর মতে পারফরম্যান্স নয়, এখানকার আবহাওয়া এবং পরিস্থিতির বিচারেই পাকিস্তান নাকি ভারতীয় দলের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন। এছাড়া গত বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যে পারফরম্যান্স দেখিয়েছে, সেটাও নাকি পাক বাহিনীকে যথেষ্ট আত্মবিশ্বাস যোগাচ্ছে এখন। সংয়ুক্ত আরব আমিরশাহীতে ভারতীয় দল আইপিএল খেললেও, এখানে পাকিস্তানের খেলার অভিজ্ঞতাই বেশী বলে মনে করছেন তিনি।
এই প্রসঙ্গে সরফরাজ আহমেদ জানিয়েছেন, “প্রথম ম্যাচই এই প্রতিযোগিতার সুরটা বেঁধে দিয়েছে। আমাদের প্রথম ম্যাচই ভারতের বিরুদ্ধে। আর অবশ্যই আমাদের দলের সকলের মানসিকশক্তি অনেকটাই বেড়ে রয়েছে কারণ এই মাঠেই বিশ্বকাপে শেষবার আমরা ভারতীয় দলকে হারিয়েছিলাম। এখানকার পরিবেশ এবং আবহাওয়ার সঙ্গে পাকিস্তান ক্রিকেটাররা যথেষ্ট পরিচিত, কারণ এখানেই আমরা পিএসএল খেলি এবং বহু হোম সিরিজও খেলি। ভারতও এখানে আইপিএল খেলেছে। কিন্তু সেভাবে এখানে খেলার অভিজ্ঞতা তাদের নেই”।
গতবছর টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় শিবিরে বড়সড় রদবদল এসেছে। বিরাট কোহলির পরিবর্তে ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা এবং কোচ হিসাবে এসেছেন রাহুল দ্রাবিড়। তাদের দুজনের হাত ধরে সাফল্যের রাস্তাতেই এগোতে শুরু করেছে টিম ইন্ডিয়া। এধিনায়ক হিসাবে এখনও পর্যন্ত একটিও টি টোয়েন্টি সিরিজ হারেননি রোহিত শর্মা।
সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছে ভারতীয় দল। সেখানেও মাত্র একটি ম্যাচই হেরেছেন রোহিত শর্মারা। ৪-১-এ সেই সিরিজ জিতেছে ভারত। এবার এশিয়া কাপে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই ভারতীয় দলের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। সরফরাজ আহমেদ পাকিস্তানকে এগিয়ে রাখলেও, ভারত ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।