এশিয়া কাপের আগে নিজের ফিটনেস নিয়ে বড় আপডেট দিলেন লোকেশ রাহুল
আপডেট করা - Jul 31, 2022 8:27 pm

ওয়েস্ট ইন্ডিজ থেকে জিম্বাবোয়ে সফর দুই জায়গাতেই নামতে পারেননি লোকেশ রাহুল। কিন্তু এশিয়া কাপে কী তাঁকে দেখা যাবে ভারতীয় দলের প্রথম একাদশে। ইতিমধ্যে লোকেশ রাহুলের চোট নিয়ে জল্পনা তুঙ্গে। যেভাবে তিনি চোট আঘাতে জর্জরিত তাতে লোকেশ রাহুল এশিয়া কাপে খেলতে পারবেন কিনা তা নিয়েই সকলের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন। সোশ্যাল মিডিয়াতে নিজেই তাঁর চোট নিয়ে বড় আপডেট দিলেন লোকেশ রাহুল। আর খুব শীঘ্রই যে তিনি ভারতীয় দলে ফিরতে চলেছেন সেই ইঙ্গিতও কার্যত দিয়ে দিয়েছেন লোকেশ রাহুল।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগেই লোকেশ রাহুলের ভারতীয় দলে ফেরা নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। তিনি চোট সারিয়ে অনেকটা ফিটও হয়ে উঠেছিলেন। কিন্তু এনসিএ-তে সেই ফিটনেস ট্রেনিং চলাকালীনই করোনায় আক্রান্ত হন এই তারকা ক্রিকেটার। আর তাতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান লোকেশ রাহুল। একইসঙ্গে জিম্বাবোয়ে সফরেও ভারতীয় দলে তাঁকে রাখা হয়নি।
শেষবার আইপিএলের মঞ্চেই লোকেশ রাহুলকে ক্রিকেটের বাইশগজে দেখা গিয়েছিল। আইপিএল শেষ হওয়ার পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ চিল ভারতের। সেই সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি সহ আরও বেশকিছু ক্রিকেটারদের বিশ্রাম দেও.া হয়েছিল। রোহিতের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব উঠেছিল লোকেশ রাহুলের কাঁধে। কিন্তু সিরিজ শুরুর ২৪ ঘন্টা আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। সেই সিরিজ তো বটেই, এখনও পর্যন্ত মাঠে নামতে পারেননি লোকেশ রাহুল।
দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল
জিম্বাবোয়ে সফরেও লোকেশ রাহুলকে ভারতীয় দলে না দেখায়, তাঁর এশিয়া কাপ খেলা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। শোনাযাচ্ছিল ফের নাকি সেই পুরনো চোটের জায়গায় সমস্যা দেখা দিয়েছে লোকেশ রাহুলের। এমন পরিস্থিতিতে নিজেই এবার সরব হয়েছেন এই তারকা ক্রিকেটার। তাঁর মতে ভারতীয় চোট সারিয়ে এখন অনেকটাই সুস্থ তিনি। শীঘ্রই ভারতীয় দলে ফেরারও বার্তা দিয়েছেন লোকেশ রাহুল।
লোকেশ রাহুল সোশ্যাল সাইটে জানিয়েছেন, “আমার চোট এবং ফিটনেস নিয়ে একটা জিনিস সকলকে পরিষ্কার করে দিতে চাই। গত জুন মাসে আমার সফল অস্ত্রোপচার হয়েছিল। দেশের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফেরার জন্যই শুরু হয়েছিল আমার ফিটনেস ট্রেনিংও। কিন্তু দূর্ভাগ্যবশত আমি যখন প্রায় সুস্থতার পথে ছিলাম সেই সময়ই করোনায় আক্রান্ত হই। আর তাতেই প্রত্যাবর্তনটা খানিকটা পিছিয়ে যায়। তবে আমি দ্রুতই সুস্থ হচ্ছি এবং ভারতীয় দলেও ফিরতে চলেছি”।
সামনেই রয়েছে এশিয়া কাপ। সেই প্রতিযোগিতাতেই যে ভারতীয় দলের অন্যতম তারকা ক্রিকেটার লোকেশ রাহুল ফিরতে চলেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ভারতীয় দলে টি টোয়েন্টিতে রোহিত শর্মার ওপেনিং পার্টনার লোকেশ রাহুল। এশিয়া কাপের পরই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। লোকেশ রাহুলের দলে ফেরা যে ভারতীয় দলকে অনেক বেশী স্বস্তি দেবে তা বলাই বাহুল্য।