কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্বে এবার চন্দ্রকান্ত পন্ডিত

Chandrakant Pandit
Chandrakant Pandit. (image source: twitter)

মরসুম শেষ হওয়ার পরই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছেন ব্রেন্ডন ম্যাকালামের। তিনি এখন ইংল্যান্ডের কোচের দায়িত্বে। আগামী মরসুমে কলকাতা নাইট রাইডার্স কাকে কোচ হিসাবে নিয়োগ করবে তা নিয়েই শুরু হয়েছিল এবার জল্পনা। বিদেশী নয় দেশীয় কোচের ওপরই আগামী মরসুমের জন্য কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব তুলে দিলেন টম কর্তারা। সদ্য রঞ্জি জয়ী কোচ চন্দ্রকান্ত পন্ডিতকেই নিয়োগ করা হল কলকাতা নাইট রাইডার্সের নতুন প্রধান কোচ হিসাবে।

আইপিএলের আগামী মরসুম শুরু হতে এখনও বহুমাস বাকি রয়েছে। কিন্তু দল গোঠাতে কোনওরকম সময় নষ্ট করতে নারাজ নাইট রাইডার্স কর্তৃপক্ষ। বুধবারই কলকাতা নাইট রাইডার্সের নতুন কোচের নাম ঘোষণা করে দিলেন তারা। এই বছরই চন্দ্রকান্ত পন্ডিতের হাত ধরে এবারের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে মধ্যপ্রদেশ। সেই তারকা কোচের ওপরই  ভরসা রেখেছে কলকাতার নাইট বাহিনী। আর এই খবরেই আপ্লুত সকলে। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুতও হয়ে রয়েছেন চন্দ্রকান্ত পন্ডিত।

চন্দ্রকান্ত পন্ডিতের কোচিংয়েই প্রথমবার রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে মধ্যপ্রদেশ

গত দুই মরসুম কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্বে ছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। তাঁর হাত ধরে গত মরসুমে কলকাতার নাইট বাহিনী ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। যদিও সেখানে শেষরক্ষা হয়নি। প্রায় দুই বছর পর এই মরসুমেই ভারতের মাটিতে ফিরেছিল আইপিএল। সেখানে কিন্তু ম্যাকালামের কলকাতা নাইট রাইডার্স ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি। লিগ পর্বেই থামতে হয়েছিল তাদের। এরপরই ইংল্যান্ডের কোচের পদে নিযুক্ত হয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। সেইসঙ্গেই কলকাতা নাইট রাইডার্সের কোচের পদও ছাড়েন তিনি।

সেই থেকেই শুরু হয়েছিল নতুন কোচ সন্ধানের কাজ। আগামী মরসুমের কোচ বাছতে খুব একটা বেশীসময় নেননি কেকেআর কর্তারা। রঞ্জি জয়ী কোচ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চন্দ্রকান্ত পন্ডিতকেই প্রধান কোচ হিসাবে বেছে নিয়েছেন তারা। রঞ্জি ট্রফির পর এবার আইপিএলের নতুন দায়িত্ব। সেই চ্যালেঞ্জ সামলাতেও প্রস্তুত চন্দ্রকান্ত পন্ডিত।

নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি জানিয়েছেন, “এই দায়িত্ব পাওয়াটা সত্যিই আমার কাছে গর্বের বিষয়। আমি ক্রিকেটার এবং অন্যান্যদের থেকে নাইট পরিবারের পরিবেশ সম্বন্ধে যেমন খোঁজ নিয়েছি, তেমনই জেনেছি তাদের সাফল্যের লক্ষ্যে এগোনের মন্ত্রটা কী। দলের দক্ষ ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি আমি”।

ভারতীয় দলের হয়ে ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল উইকেটকিপার ব্যাটার চন্দ্রকান্ত পন্ডিতের। তাঁর ৬ বছরের টেস্ট কেরিয়ারে ৫ ম্যাচে রয়েছে ১৭১ রান। ১৯৮৬ সালেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটেও অভিষেক হয়েছিল তাঁর।  সেখানে ৩৬টি ম্যাচ খেলে চন্দ্রকান্ত পন্ডিতের রান রয়েছে ২৯০।

কোচিং কেরিয়ারও তাঁর যথেষ্ট সফল। ২০১৮ ও ২০১৯ সালে তাঁর কোচিংয়েই রঞ্জি ট্রফিতে সাফল্য এসেছিল বিদর্ভের। এরপরই তিনি মধ্যপ্রদেশের কোচ হন। সেখানেও চন্দ্রকান্ত পন্ডিতের সাফল্যের গ্রাফ উর্ধ্বমুখী। তাঁর কোচিংয়েই ২০২২ সালে প্রথমবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে মধ্যপ্রদেশ। চন্দ্রকান্ত পন্ডিতের ছোঁয়ায় আগামী মরসুমে কলকাতা নাইট রাইডার্সের ভাগ্যও বদলায় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp