ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে শাহবাজ আহমেদকে জাতীয় দলে ডাকা হল
২০২০ থেকে আরসিবি দলের অংশ বাংলার অলরাউন্ডার শাহবাজ
আপডেট করা - Aug 16, 2022 1:42 pm

ওয়াশিংটন সুন্দর জিম্বাবোয়ের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়ায় আনক্যাপড অলরাউন্ডার শাহবাজ আহমেদ প্রথমবারের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন। চোটের সাথে দীর্ঘদিন ধরে লড়াই করছেন অলরাউন্ডার ওয়াশিংটন। ইংল্যান্ডে একটি কাউন্টি ম্যাচ খেলার সময় কাঁধের চোট পেয়েছিলেন, যে কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা তাঁর পিছিয়ে গেছে।
২৭ বছর বয়সী শাহবাজ ঘরোয়া ক্রিকেটে বাংলার প্রতিনিধিত্ব করেন এবং আইপিএল ২০২০ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একটি অংশ। ব্যাটিং অলরাউন্ডার শেষের ওভারগুলিতে পাওয়ার হিট করতে পারেন এবং তাঁর বাঁহাতি স্পিন তাঁকে কার্যকরী খেলোয়াড় তোলে। এই বছরের আইপিএলে তাঁর অলরাউন্ড দক্ষতা সবাইকে মুগ্ধ করেছে এবং অবশেষে তিনি প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন।
“অল-ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ওয়াশিংটন সুন্দরের বদলি হিসেবে শাহবাজ আহমেদকে নিয়েছে। ইংল্যান্ডে কাউন্টি ম্যাচ খেলতে গিয়ে কাঁধে চোট পান ওয়াশিংটন সুন্দর। জিম্বাবোয়ে সফর থেকে বাদ পড়েছেন তিনি। ভারত ১৮ আগস্ট, ২০২২-এ হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ওডিআই খেলবে,” বিসিসিআই একটি অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে।
লিস্ট-এ ক্রিকেটে শাহবাজ আহমেদের দুর্দান্ত ফর্ম
ইতিমধ্যে, শাহবাজ ২৬টি লিস্ট-এ ম্যাচে ৪৭.২৮ গড়ে ৬৬২ রান করেছেন এবং দুটি সেঞ্চুরিও রয়েছে তাঁর। বল হাতে, ৫০ ওভারের ফর্ম্যাটে তাঁর ২৪টি উইকেট রয়েছে এবং তাঁর ইকোনমি রেট ৪.৫- এরও কম। এই সংখ্যাগুলি অবশ্যই চিত্তাকর্ষক এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে পরখ করে নিতে আগ্রহী হবে। আহমেদ ছাড়াও দলে অন্যান্য অলরাউন্ডাররা হল শার্দূল ঠাকুর, দীপক চাহার ও অক্ষর প্যাটেল ।
৩টি ওডিআইয়ের জন্য ভারতের স্কোয়াড: কেএল রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, শুবমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আভেশ খান, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ।