জসপ্রীত বুমরার অনুপস্থিতি জিম্বাবোয়ের কাছে অ্যাডভান্টেজ, মনে করেন ইনোসেন্ট কাইয়া
আপডেট করা - Aug 14, 2022 8:31 pm

আগামী ১৮ অগস্ট শুরু হচ্ছে ভারত বনাম জিম্বাবোয়ে একদিনের সিরিজ। সামনেই এশিয়া কাপ থাকারপ জন্য দলের একাধিক সিনিয়র সদস্যদের বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থরা নেই। তবে জিম্বাবোয়ে শিবিরকে সবচেয়ে বেশী স্বস্তি দিচ্ছে একজনের অনুপস্থিতি। তিনি হলেন এই মুহূর্তে ভারতের সেরা বোলার জসপ্রীত বুমরাহ। ঘরের মাঠে সিরিজ হলেও, জসপ্রীত বুমরার মতো বোলারের বিরুদ্ধে খেলতে না নামাটা বড় অ্যাডভান্টেজ বলেই মনে করছেন জিম্বাবোয়ে ব্যাটার ইনোসেন্ট কাইয়া।
ঘরের মাঠে এখন পরপর সিরিজ রয়েছে জিম্বাবোয়ের। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে একদিন এবং টি টোয়েন্টি দুটো সিরিজই জিতেছে জিম্বাবোয়ে। ভারতের বিরুদ্ধে নামার আগে সেটা যে তাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে ভারতীয় শিবিরে নেই একাধিক তারকা ক্রিকেটার। লোকেশ রাহুলের নেতৃত্বে তরুণ ব্রিগেডই নামছে জিম্বাবোয়ের বিরুদ্ধে। রোহিত শর্মা, বিরাট কোহলিদের না থাকাটা যে খানিকটা হলেও সুবিধা করে দেবে জিম্বাবোয়ে শিবিরকে, তা বেশ স্পষ্ট।
চোটের জন্য এশিয়া কাপেও নেই ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ
চোট সারিয়ে এই সিরিজের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন লোকেশ রাহুল। প্রথমে সিখর ধওয়ানের কাঁধে ভার থাকলেও, পরে সেই দায়িত্ব লোকেশ রাহুলের ওপরই তুলে দিয়েছেন ভারতীয় দলের নির্বাচকরা। ১৮ অগস্ট জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। দ্বিতীয় দল হলেও লোকেশ রাহুল, শিখর ধওয়ানদের একেবারেই হাল্কাভাবে নিতে নারাজ জিম্বাবোয়ে শিবির। তবে জসপ্রীত বুমরার মতো বোলারের সম্মুখীন হতে না হওয়াটাই সবচেয়ে বেশী আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের।
এই প্রসঙ্গে ইনোসেন্ট কাইয়া জানিয়েছেন, “জসপ্রীত বুমরার মতো বোলার প্রতিপক্ষ শিবিরে না থাকাটা সবসময়ই একটা বাড়তি অ্যাডভান্টেজ। এই মুহূর্তে বিশ্বের তিনি এক নম্বর বোলার। ঘরের মাঠে এমন সিরিজে তাঁর সম্মুখীল না হওয়াটা সবসময়ই আমাদের কাছে একটা বড় অ্যাডভান্টেজ”।
শুধু জিম্বাবোয়ে সফরই নয়, এবার ভারতীয় দলের হয়ে এশিয়া কাপেও নেই জসপ্রীত বুমরাহ। কোমড়ের চোট নিয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন তিনি। শীঘ্রই যে মাঠে ফিরতে পারবেন তারও কোনও ইঙ্গিত নেই। অন্যদিকে বুমরার না থাকার সুবিধাটা পুরোপুরি কাজে লাগাতে চায় জিম্বাবোয়ে শিবির।
বাংলাদেশের বিরুদ্ধে দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন সিকান্দার রাজা। তাঁর সঙ্গেই জিম্বাবোয়ের সিরিজ জয়ের অন্যতম কারিগড় ছিলেন এই তরুণ ক্রিকেটার ইনোসেন্ট কাইয়া। ভারতের বিরুদ্ধেও সেই পারফরম্যান্স ধরে রাখতে চান তিনি। সেইসঙ্গে শতরানও করতে চান ২১ বর্ষীয় এই ক্রিকেটার।