বিরাট কোহলি ফর্মে না থাকলেও তাঁকে হাল্কাভাবে না নেওয়ারই পরামর্শ ব্রায়ান লারার
আপডেট করা - Aug 8, 2022 7:14 pm

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হয়েছে। এবার সামনে রয়েছে এশিয়া কাপ। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেননি তিনি। বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। সবকিছু ঠিকঠাক চললে ফের এশিয়া কাপ দিয়েই ভারতীয় দলে ফিরতে চলেছেন তিনি। এই মুহূর্তে তাঁকে নিয়ে নানান কথাবার্তা চলছে। সেই সময়ই বিরাট কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ব্রায়ান লারার। বিরাট কোহলি ফর্মে না থাকলেও, তাঁকে হাল্কা ভাবে নেওয়ার ভুল যেন কেউ না করেন। শীঘ্রই বড় রানে ফিরতে চলেছেন তিনি।
২০১৯ সলের নভেম্বরে শেষবার ভারতীয় দলের জার্সিতে বড় রান পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকেই যেন প্রাক্তন ভারতীয় অধিনায়কের ব্যাটে দেখা দিয়েছে রানের খরা। আর তাতেই চিন্তা বেড়েছে সকলের। আইপিএল থেকে দেশের জার্সি সব জায়গাতেই বড় রানের মুখ দেখতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। ইংল্যান্ড সফরেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি।
বিশ্রাম কাটিয়ে এশিয়া কাপেই ফিরতে চলেছেন বিরাট কোহলি
এরপরই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিশ্রাম নিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। তাঁর ব্যাটে একটানা রান না দেখতে পাওয়ায় ইতিমধ্যে সমালোচনাও শুরু হয়েছে বিস্তর। কারোর মতে বিরাট কোহলি বিশ্রাম নিয়ে ভুল করেছেন। তাঁর নাকি আরও বেশী ম্যাচ খেলা উচিত্ ছিল। অন্যদিকে কারোর মতে আবার বিশ্রাম নেওয়াই নাকি একেবারে যোগ্য ভাবনা। এই পরিস্থিতি বিরাট কোহলির পাশেই দাঁড়াচ্ছেন ব্রায়ান লারা। তাঁর মতে প্রতিটি ক্রিকেটারেরই এমন একটি পরিস্থিতি আসে। বিরাটও সেই সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন বলে মনে করেন লারা।
এই প্রসঙ্গে এক জায়গায় ব্রায়ান লারা জানিয়েছেন, “একজন ক্রিকেটার হিসাবে বিরাট কোহলির প্রতি আমার সম্মান রয়েছে। প্রতিটি ক্রিকেটারই কোনও না কোনও সময় এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যান। এই মুহূর্তে এমন পরস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলিও। তবে এমনটা দেখা তাঁকে যেন কেউ হাল্কা ভাবে না নেন। এই মুহূর্তে কেরিয়ারের অনেক নতুন নতুন শিক্ষা পাবেন তিনি। বিরাট কোহলি শীঘ্রই বড় রানের মধ্যেও ফিরবেন। এই ব্যপারে আমি আশাবাদী”।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট থেকে একদিন ও টি টোয়েন্টি সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি। টেস্টে দুই ইনিংস মিলিয়ে বিরাট কোহলি করতে পেরেছিলেন মাত্র ৩১ রান। টি টোয়েন্টিতেও দুই ম্যাচে বিরাটের রান ছিল ১৬ ও ১৭। এই মুহূর্তে বিরাট কোহলির দেশের জার্সিতে অর্ধশতরান বলতে শেষবার ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচে পেয়েছিলেন। বিশ্রাম কাটিয়ে এই এশিয়া কাপেই ফিরবেন তিনি। সেখানেই বিরাট কোহলি বড় রান পান কিনা সেটা দেখার।