এশিয়া কাপে ওপেন করতে পারেন বিরাট কোহলি, মনে করছেন পার্থিব পটেল
আপডেট করা - Aug 4, 2022 7:19 pm

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে জিম্বাবোয়ে সফর। ভারতীয় দল থেকে বিশ্রাম নিয়েছেন বিরাট কোহলি। একেবারে এশিয়া কাপ দিয়েই প্রত্যাবর্তন করবেন তিনি। সেই মঞ্চে নামার আগেই বিরাট কোহলিকে নিয়ে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আগামী ২৭ অগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। সেখানেই বিরাট কোহলিকে ওপেন করতে দেখা যেতে পারে বলেই মন করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার পার্থিব পটেল।ভারতীয় দলের পরীক্ষা নীরিক্ষাদেখেই মনটা মনে হচ্ছে তাঁর।
২০১৯ সালে শেষবার দেশের জার্সিতে বড় রান পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকেই রানের খরা শুরু হয়েছে বিরাটের ব্যাটে। দেশের জার্সি থেকে আইপিএলের মঞ্চ, সব জায়গাতেই ব্যর্থ হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ফর্মে ফিরতে তিনি মরিয়া হয়ে রয়েছেন। আর সেই সমস্ত দিক বিচার করেই পার্থিব পটেল মনে করে করেন যে বিরাট কোহলিকে এশিয়া কাপে ওপেন করতে দেখলেও হয়ত অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।
প্রায় তিন বছর বিরাট কোহলির ব্যাটে বড় রান নেই
একের পর এক সিরিজে ক্রমশই ভারতীয় দলের ওপেনিং নিয়ে চলছে নানান পরীক্ষা নীরিক্ষা। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে যেমন দেখা গিয়্ছে রোহিত শর্মা এবং ঋষভ পন্থকে ওপেন করতে। তেমনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে রোহিত শর্মার সঙ্গে ওপেন করছেন সূর্যকুমার যাদব। এই সিরিজের পরই এশিয়া কাপে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই আবার ভারতীয় দলে ফিরবেন বিরাট কোহলি। এই মুহূর্তে একেবারেই ছন্দে নেই তিনি। সেখানে বিরাট কোহলিকে যদি ওপেনিংয়ে দেখা যায় তবে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।
এই প্রসঙ্গে ক্রিকবাজে পার্থিব পটেল জানিয়েছেন, “বিরাট কোহলির দক্ষতা এবং ক্ষমতা সম্বন্ধে কারোর কোনও সন্দেহই নেই। এখন শুধুমাত্র প্রধান বিষয় হল তাঁর ফর্ম এবং বিরাটকে কোনও পজিশনে খেলানো হবে তা। এই জন্যই এশিয়া কাপের মঞ্চ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র বিরাট কোহলির জন্য নয়।তারা ঠিকঠাক কম্বিনেশন খুঁজে পায় কিনা সেটাই দেখার”।
পার্থিব পটেল আরও জানিয়েছেন, “লোকেশ রাহুল যেহেতু পুরোপুরি ফিট নন, সেক্ষেত্রে বিরাট কোহলিকে ওপেন করতে দেখা যেতেই পারে। এই মহূর্তে ভারতীয় দল ওপেনারদের নিয়ে নানান পরীক্ষা নীরিক্ষা চালিয়েছে। সম্প্রতিই দেখা গিয়েছে ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব এবং ঋষভ পন্থদের”।
আগামী ২৭ অগস্ট শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেখানেই ভারতের প্রথম ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। একদিকে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সুযোগ, অন্যদিকে দলের কম্বিনেশন গড়ার কাজ। সব মিলিয়ে এশিয়া কাপে যে টিম ইন্ডিয়া একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।