এশিয়া কাপ থেকে টি২০ বিশ্বকাপ পর্যন্ত বাড়তি বিশ্রাম পাবেন না ভারতের প্রথম একাদশের ক্রিকেটাররা
আপডেট করা - Jul 31, 2022 6:18 pm

হাতে রয়েছে আর ঠিক আড়াই মাস। এরপরই অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেই লক্ষ্যেই এবার নড়ে চড়ে বসেন নির্বাচকরা। এশিয়া কাপ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত ক্রিকেটাররা আর কোনওরকম বিশ্রাম পাবেন না। যেকোনও ম্যাচ থেকে সিরিজের জন্য ভারতের প্রথম একাদশের ক্রিকেটাররা বাড়তি বিশ্রামের আবেদনও করতে পারবেন না বেলই জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচকদের তরফে। বিশ্বকাপের আগে দল গঠনই এখন একমাত্র পাখির চোখ টিম ইন্ডিয়ার।
আইপিএলের পর থেকেই ভারতের তারকা ক্রিকেটারদের নানান সময়েই বিশ্রাম পেতে দেখা গিয়েছে। কখনও দক্ষিণ আফ্রিকা সফর তো কখনও ইংস্যান্ড সফরে এমনটা দেখা গিয়েছে। আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে ভারতীয় তারকা্ ক্রিকেটাররাও অনেকসময় বিশ্রাম নেওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপ ক্রমশ এগিয়ে আসছে। সেইসঙ্গে রয়েছে এশিয়া। সেই কথা মাথায় রেখেই ক্রিকেটারদের বিরতি কিংবা বিশ্রাম নিয়ে এবার খানিকটা কঠোর ভারতীয় দলের নির্বাচকরা। সেই কথা নাকি ইতিমধ্যে জানিয়েও দেওয়া হয়েছে নির্বাচকদের তরফে।
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। এরপরই জিম্বাবোয়ের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ভারতীয় দল খেলবে একদিনের সিরিজ। একদিনের সিরিজ বলেই সেখানেও দ্বিতীয় দলই পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়াদের মতো তারকাদের বিশ্রামই দেওয়া হয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে এখনও পর্যন্ত ১০টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। সেখানেই প্রথম একাদশের ক্রিকেটাররা আর বিশ্রাম পাবেন না বলেই জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচকদের তরফে।
অগস্টের শেষেই এশিয়া কাপে নামছে ভারতীয় দল
এক সংবাদ সংস্থায় বোর্ডের সূত্রে জানানো হয়েছে, “এশিয়া কাপ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত প্রথম একাদশের ক্রিকেটারদের বিশ্রাম পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। যদিও ওয়েস্ট ইন্ডিজ সফরের পর দুই সপ্তাহের একটা উইন্ডো রয়েছে, যেখানে ভারতীয় ক্রিকেটাররা বিশ্রাম নিতে পারবেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আর কোনও বাড়তি বিশ্রাম ক্রিকেটাররা পাবেন না”।
এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি। ইংল্যান্ড সফরের শেষের দিকেই বোর্ড এবং নির্বাচকদের কাছে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিশ্রাম নেওয়ার আবেদন করেছিলেন তিনি। যে আবেদন মেনে নিয়েছে ভারতীয় দলের নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে পূর্ণশক্তির দল নামলেও, বিরাট কোহলি অবশ্য অনুপস্থিত। জিম্বাবোয়ে সফরেও বিশ্রাম পেয়ে গিয়েছেন তিনি। তবে এশিয়া কাপের আগে যে তিনি ফিরবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।
ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই সপ্তাহ পরই শুরু হবে এশিয়া কাপ। সেই দুই সপ্তাহই বিশ্রাম পাবে টিম ইন্ডিয়া। সেই সময়ই ক্রিকেটারদের বিশ্রামের জন্য বরাদ্য হয়েছে। এরপর আর কোনোরকম বাড়তি বিশ্রাম পাবেন না ভারতীয় ক্রিকেটাররা। এশিয়া কাপের পরই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেখানেও প্রথম একাদশের ক্রিকেটাররা বিশ্রাম পাবেন না বলেই জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচকদের তরফে।