জিম্বাবোয়ে সফরের ১৫ সদস্যের দল ঘোষণা, চোট সারিয়ে দলে ফিরলেন দীপক চাহার

India vs West Indies
India vs West Indies. (Photo Source: Twitter)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ চলার মাঝেই জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের দল ঘোষণা বিসিসিআইয়ের। আগামী অগস্টে জিম্বাবোয়ে সফরে যাবে ভারতীয় দল। শিখর ধওয়ানকে অধিনায়ক রেখেই জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের দল বেছে নিলেন নির্বাচকরা। চোট সারিয়ে দীর্ঘদিন পর ফের ভারতীয় দলে প্রত্যাবর্তন করলেন দীপক চাহার। একইসঙ্গে ভারতের একদিনের দলে এবার ডাক পেলেন রাহুল ত্রিপাঠি। ১৫ সদস্যের দল ঘোষণা করলেন ভারতীয় দলের নির্বাচকরা।

ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই ভারতের সামনে রয়েছে জিম্বাবোয়ে সফর। সেখানে যে তারকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে তরুণদেরই সুযোগ দেওয়া হবে সেই কথা আগে থেকেই শোনা যাচ্ছিল। শনিবারই জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৫ সদস্যের সেই একদিনের দল ঘোষণা করা হয়েছে। দীপক চাহার ফিরলেও, এখনও পুরোপুরি সুস্থ নন লোকেশ রাহুল। তাঁকে বাদ রেখেই বেছে নেওয়া হয়েছে এই দল। যদিও একইসঙ্গে রোহিত শর্মা, ঋষভ পন্থ, বিরাট কোহলিদেরও এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আর সেজন্যই এখন অন্যকোনও ফর্ম্যাটের ওপর বিশেষ গুরুত্ব দিতে নারাজ ভারতীয় বোর্ড।  এই তারণেই ওয়েস্ট ইন্ডিজেও যেমন একদিনের সিরিজের জন্য তরুণদের ক্রিকেট দল ঘোষণা করা হয়েছিল। জিম্বাবোয়ের বিরুদ্ধেও তেমনটাই করা হয়েছে। তবে সেখানেই সবচেয়ে বড় স্বস্তি হল ফের দীপক চাহারের প্রত্যাবর্তন। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বারে ছিলেন তিনি। শুক্রবারই তাঁর ফিট হওয়ার খবর সকলকে দেন অমিত মিশ্র। জিম্বাবোয়ে সফরেই খেলতে দেখা যাবে তাঁকে।

জিম্বাবোয়ে সফরের জন্য ভারতীয় দল

শিখর ধওয়ান (অধিনায়ক)

রুতুরাজ গায়কোয়াড়

শুভমন গিল

দীপক হুডা

রাহুল ত্রিপাঠি

ঈশান কিষাণ (উইকেটকিপার)

সঞ্জু স্যামসন (উইকেটকিপার)

ওয়েশিংটন সুন্দর

শার্দূল ঠাকুর

কুলদীপ যাদব

অক্ষর পটেল

আভেশ খান

প্রসিদ্ধ কৃষ্ণা

দীপক চাহার

আইপিএলের পরই আয়ারল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছিলেন রাহুল ত্রিপাঠি। কিন্তু এখনও পর্যন্ত তিনি নামতে পারেননি। এবার ভারতের একদিনের দলেও প্রথমবার ডাক পেয়েছেন তিনি। তিন ম্যাচের সিরিজে তাঁর অবিষেক হলেও হতে পারে। অন্যদিকে অর্শদীপ সিং, উমরান মালিকদের জিম্বাবোয়ে সফরে রাখা হয়নি। তবে দীপক চাহারের প্রত্যাবর্তনেই সবচেয়ে বেশী খুশি হয়েছেন সকলে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলকে একদিনের সিরিজ জিতিয়ে রেকর্ড গড়েছেন শিখর ধওয়ান। এবার সামনে মিশন জিম্বাবোয়ে। সেখানেও ধওয়ানের হাত ধরে তরুণ ব্রিগেড এমনভাবেই এগিয়ে যেতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp