টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ৫০+ রানের রেকর্ড গড়লেন রোহিত শর্মা
আপডেট করা - Jul 29, 2022 10:15 pm

ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্রাম কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরেছেন রোহিত শর্মা। আর প্রথম ম্যাচেই সাফল্য। দীর্ঘদিন পর ফের টি টোয়েন্টি ক্রিকেটে অর্ধশতরান পেলেন দ্য হিটম্যান। আর সেইসঙ্গেই টপকে গেলেন বিরাট কোহলিকে। এতদিন একই আসনে বসেছিলেন তারা। কিন্তু এদিন প্রাক্তন ভারত অধিনায়ককে টপকে গেলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ৫০+ রান করার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। এদিন ৬৪ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক।
ইংল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক হিসাবে টি টোয়েন্টি সিরিজ জিতেছেন রোহিত শর্মা। কিন্তু সেই গোটা সিরিজে কোনও অর্ধশতরান পাননি দ্য হিটম্যান। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। শুধু তিনিই নন, তাঁর সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং জসপ্রীত বুমরাহদেরও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতেও দলে ফিরেছিলেন রোহিত শর্মা। আর সেখানেই অধিনায়কের মতো ইনিংস খেললেন তিনি।
দীর্ঘদিন পর পের রোহিত শর্মার ব্যাটে টি টোয়েন্টিতে অর্ধশতরান। ওপেন করতে নেমে একাই লড়ে গেলেন তিনি। যদিও শেষ দিকটা সামাল দিয়েছেন দীনেশ কার্তিক। তবে ভারতের বড় রানের রাস্তাটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন রোহিত শর্মাই। এদিন ৬৪ রানের ইনিংস খেলার সঙ্গেই এক এলিট তালিকায় নিজের নাম তুলেছেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশী ৫০-এর ওপর রান করার রেকর্ড গড়লেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।
এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। সেই সুযোগ কাজে লাগাতে এতটুকুও ভুল করেননি রোহিত শর্মা। শুরু থেকেই এদিন বেশ আক্রমণাত্মক মেজাজে ছিলেন তিনি। যদিও তাঁর সতীর্থরা তাঁকে যোগ্য সঙ্গদ দিতে ব্যর্থই হয়েছিলেন। টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ৫০+ রানের রেকর্ডের তালিকায় এতদিন বিরাট কোহলির সঙ্গে এক আসনে ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অর্ধশতরান করার সঙ্গেই সেই রেকর্ড পেরিয়ে যান তিনি।
টি২০ ক্রিকেটে সর্বোচ্চ ৫০+ রান
রোহিত শর্মা – ৩১
বিরাট কোহলি – ৩০
বাবর আজম – ২৭
ডেভিড ওয়ার্নার – ২৩
মার্টিন গাপটিল – ২২
শুধু বিরাট কোহলিই নয়, এদিন ফের একবার মার্টিন গাপটিলকেও টপকে গিয়েছেন রোহিত শর্মা। টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের পরিসংখ্যানে ফের একবার নিজের আসন ফিরে পেলেন তিনি। এদিন ৪৪ বল খেলে ৬৪ রান করেন রোহিত শর্মা। তাঁর গোটা ইনিংসটি সাজানো রয়েছে ৭টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি দিয়ে।