লেজেন্ডস লিগ ক্রিকেটে একটি বিশেষ ম্যাচে খেলবেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly
Sourav Ganguly. (Photo by Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images)

আবারও বাইশগজে সৌরভ গঙ্গোপাধ্যায়। সবকিছু ঠিকঠাক চললে লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণে ফের একবার প্যাড, গ্লাভস পরে মাঠে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার নিজেই সেই কথা জানিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণ হতে চলেছে ভারতের মাটিতে। এবারই আবার স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তিও হচ্ছে। সেই উপলক্ষ্যেই একটি বিশেষ ম্যাচে লেজেন্ডস লিগ ক্রিকেটে দেখা যেতে চলেছে প্রাক্তন ভারত অধিনায়ককে। আর এই খবরে যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে খুশির আবহ তৈরি হয়েছে তা বলাই বাহুল্য।

কয়েকদিন আগেই লেজেন্ডস লিগ ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের খেলা নিয়ে একটি জল্পনা শুরু হয়েছিল। যদিও সেই সময় প্রাক্তন ভারত অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ নিজেই সেই খবর নস্যাত করেছিলেন। তার মাত্র কয়েকদিনের মধ্যে নিজেই ক্রিকেট ভক্তদের কাছে সুসংবাদটা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার ভারতের মাটিতে হচে চলেছে লেজেন্ডস লিগ ক্রিকেট। সেখানেই একটি বিশেষ  ম্যাচ খেলতে চলেছেন তিনি। স্বাধীনতা দিহবসের ৭৫ বর্ষ পূর্তির জন্যই নাকি এই সিদ্ধান্ত মহারাজের।

আগামী সেপ্টেম্বরে শুরু হতে চলেছে এবারের লেজেন্ডস লিগ ক্রিকেট

নিজের ইনস্টাগ্রাম পেজে সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, “নিজের প্রস্তুতির আনন্দ উপভোগ করছি এবং আজাদি কী মহোতসব ও ভারতের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে একটি বিশেষ এবং চ্যারিটি ম্যাচে খেলতে নামব।  স্বাধীনতার পাশাপাশি দেশের নারী শক্তিকে আরও উন্নত করার জন্যই এই ম্যাচ খেলার সিদ্ধান্ত। শীঘ্রই ফের পিচে নামতে চলেছি”।

এবারের লেজেন্ডস লিগ ক্রিকেট প্রতিযোগিতা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। প্রাক্তন বহু তারকা ক্রিকেটারই এবার এই লিগে অংশগ্রহম করছেন। ভারতীয় তারকাদের মধ্যে রয়েছেন হরভজন সিং, বীরেন্দ্র সেওয়াগ, পার্থিব পটেল, ইউসুফ ও ইরফান পাঠান। সেইসঙ্গে বিদেশের অতীতের তাবড় তাবড় তারকাদের দেখা যাবে এই প্রতিযোগিতায়। গতবারই এই প্রতিযোগিতা ঘিরে সকলের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। ভারতীয় সমর্থকদের জন্যই তো এবার ভারতের মাটিতে হবে লেজেন্ডদের লড়াই।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি বিশেষ ম্যাচ খেলা নিয়ে  খুশি লেজেন্ডস লিগ ক্রিকেটের আয়োজকরাও। এই প্রসঙ্গে রমন রাহেজা জানিয়েছেন, “অন্যান্য কিংবদন্তীদের সঙ্গে খেলার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি আমরা। একজন কিংবদন্তী সবসময়ই কিংবদন্তীই থাকেন এবং দাদা সবসময়ই ক্রিকেটের পাশে রয়েছেন। একটি মহান উদ্দেশ্য নিয়েই এই ম্যাচে নামছেন সৌরভ গঙ্গোপাধ্যায়”।

ইতিমধ্যেই গোটা বিশ্বের তারকা ক্রিকেটাররা এই খেলায়  অংশগ্রহনের ব্যপারে নিজেদের মন জানিয়ে দিয়েছেন। সদ্য অবসর হওয়া ইয়ন মর্গ্যানকে যেমন দেখা যাবে, তেমনই দেখা যাবে ব্রেট লি, জ্যাক কালিস, শেন ওয়াটসনদের মতো তারকা ক্রিকেটারদেরও। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই প্রতিযোগিতায় নামা নিয়ে উত্তেজনাক পারদ যে আরও চড়ছে তা বলাই বাহুল্য।

close whatsapp