ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে সম্ভবত খেলবেন না কেএল রাহুল
২৯শে জুলাই থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ
আপডেট করা - Jul 27, 2022 1:53 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে না খেলার সম্ভাবনা টিম ইন্ডিয়ার ওপেনার কেএল রাহুলের। চোট থেকে সেরে উঠে তিনি সংক্ষিপ্ততম ফর্ম্যাটের সিরিজের জন্য দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হয়েছিল। তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাওয়ার আগে তিনি কোভিড পজিটিভ হয়েছিলেন। যদিও সুস্থ হওয়ার পরেই তাঁর দলে যোগ দেওয়ার কথা ছিল, তবে এখন বলা যায় যে কর্ণাটকের ক্রিকেটারকে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম আরও বিশ্রামের পরামর্শ দিয়েছে।
সম্প্রতি রাহুলের সময় ভালো যাচ্ছে না কারণ জুন মাসে তাঁর স্পোর্টস হার্নিয়া সার্জারি হয়েছিল এবং তাই গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফরে যেতে পারেননি তিনি। সেই সফরে ভারত একটি টেস্ট, তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। কোভিড আক্রান্ত হওয়ার আগে তিনি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন।
ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, টি-২০ সিরিজের শেষ দুই ম্যাচ, যেগুলি আমেরিকায় হওয়ার কথা, খেলতে টিম ইন্ডিয়া সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল কেএল রাহুলের। কিন্তু এখন, তিনি পুরো সফরের একটি ম্যাচেও খেলতে পারবেন না বলে মনে হচ্ছে। এখন আসন্ন জিম্বাবোয়ে সফর হতে পারে তাঁর প্রত্যাবর্তনের সিরিজ। ভারত জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি ওডিআই খেলবে। ২২শে অগাস্ট জিম্বাবোয়ে সফর শেষ হওয়ার পর ভারত তারপর ২৭শে আগস্ট থেকে শুরু হতে চলা এশিয়া কাপে অংশ নেবে।
ওপেনার হিসেবে কি তবে ঋষভ পান্ত?
কেএল রাহুল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ না খেললে, ওপেনার হিসেবে রোহিত শর্মার সঙ্গে ঋষভ পান্ত খেলেন কি না সেই দিকে নজর থাকবে। ঈশান কিষাণ দ্বিতীয় উইকেট-কিপার হিসাবে দলে রয়েছেন এবং টিম ম্যানেজমেন্ট কী ভাবছে তার উপর নির্ভর করে ওপেনার হিসাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্রাম পাওয়া বিরাট কোহলি ও জসপ্রিত বুমরাহ্ না থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারত শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। এশিয়া কাপে কোহলি ও বুমরাহ্র ফেরার কথা রয়েছে। এদিকে, ২৭শে জুলাই তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে মেন ইন ব্লু।