ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সূর্যকুমার যাদবকে চার নম্বরে খেলানোর পরামর্শ স্কট স্টাইরিসের
আপডেট করা - Jul 21, 2022 6:42 pm

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে নামবে ভারত। দলের অভিজ্ঞ এবং সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। শিখর ধওয়ানের নেতৃত্বে ভারতীয় দলে রয়েছে তারুণ্যের আধিক্য। শুক্রবার থেকে সেই তরুণদের নিয়ে ক্যারিবিয়ান বধের লক্ষ্যে নামবে ভারতীয় দল। ভারতের প্রথম একাদশ কী হতে পারে তা নিয়ে অবশ্য এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। সেই ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতীয় দলের জন্য বিশেষ পরামর্শ স্কট স্টাইরিসের। সূর্যকুমার যাদবকে চার নম্বরে ব্যাটিং করানোর পরামর্শ দিচ্ছেন এই প্রাক্তন নিউ জিল্যান্ড ক্রিকেটার।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দুর্ধর্ষ ব্যাটিং করেছিলে সূর্যকুমার যাদব। তাঁর হাত ধরে একসময় সেই ম্যাচ জয়ের কাছেই চলে গিয়েছিল ভারতীয় দল। যদিও শেষপর্যন্ত তা হয়নি। কিন্তু সূর্যকুমার যাদব তাঁর পারফরম্যান্স দেখিয়ে সকলের মন জিতে নিয়েছিলেন। টি টোয়েন্টিতে প্রথমবার সেঞ্চুরী পেয়েছিলেন এই তরুণ তারকা ক্রিকেটার।
শুধু তাই নয় ভারতের হয়ে ইতিমধ্যে ১৯টি টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে সূর্যকুমার যাদবের। যেখানে এই তরুণ ক্রিকেটারের রান রয়েছে ৫৩৭ এবং স্ট্রাইকরেট রয়েছে ১৭৭.২২ এবং গড় রয়েছে ৩৮.৩৫। শুধু তাই নয় একদিনের ক্রিকেটেও বেশ ভালই পারফরম্যান্স রয়েছে সূর্যকুমার যাদবের। সেখানেও এই তরুণ ক্রিকেটারের গড় রয়েছে ৪৪.২৮। তাঁর পারফরম্যান্স দেখেই সূর্যকুমারকে একদিনের ওয়েস্ট ইন্ডিজের চার নম্বরে খেলানোর পরামর্শ দিয়েছেন স্কট স্টাইরিস।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০-তে কেরিয়ারের প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন সূর্যকুমার যাদব
তাঁর মতে সূর্যকুমার যাদবের মধ্যে ম্যাচ জেতানোর দক্ষতা রয়েছে। চার নম্বরে ব্যাটিং করতে নেমে সেই দক্ষতা তিনি কাজে লাগাতে পারবেন বলেই মনে করেন স্টাইরিস। চার নম্বরে নামলে সেই সুযোগও পাবেন সূর্যকুমার যাদব। স্টাইরিস জানিয়েছেন, “সূর্যকুমার যাদবের আমার মতো ভক্ত এই পৃথিবীতে খুব কমই রয়েছেন। আমি এটা হলপ করে বলতে পারি যে তিনি যদি এই মুহূর্তে এই দলে না থাকতেন,তবে বিশ্বের সকলেই বেশ আনন্দিত হতেন”।
স্টাইরিস আরও জানিয়েছেন, দলে রোহিত, “লোকেশ রাহুল ও কোহলি রয়েছেন। প্রথম তিনজন নিয়ে কোনও সমস্যা নেই। সূর্যকুমার যাদব কোন জায়গায় খেলবেন তা নিয়ে আলোচনা হতেই পারে। তবে আমার মতে সূর্যকুমার যাদবের চার নম্বর পজিশনেই ব্যাটিং করা উচিত্। কারণ শ্রেয়স আইয়ার ও সঞ্জু স্যামসনের থেকে খানিকটা এগিয়েই রয়েছেন তিনি”।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ চলাকালীনও অনেকেই সূর্যকুমার যাদবকে চার নম্বরে খেলানোর পরামর্শ দিয়েছিলেন। যদিএ সেই সিরিজে ঋষভ পন্থকেই খেলানো হয়েছিল। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঋষভ পন্থ বিশ্রামে রয়েছেন। সেক্ষেত্রে সূর্যকুমার যাদবকে চার নম্বরে খেলানো হয় কিনা সেটাই এখন দেখার।