আয়ারল্যান্ড বনাম ভারত: দ্বিতীয় টি-২০, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে উমরান ছন্দে ফিরতে চাইবেন

Umran-Malik
Umran Malik. (Photo Source: BCCI)

২৮শে জুন ম্যালাহাইডের দ্য ভিলেজে নির্ধারিত সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মেন ইন ব্লু-এর মুখোমুখি হবে আইরিশ দল। রবিবার বৃষ্টি-বিলম্বিত ম্যাচ খেলতে দুই দল মুখোমুখি হয়েছিল এবং দীপক হুডার ব্যাটিং বীরত্বে ভারত জয়ী হয়েছিল। অধিনায়ক হার্দিক পান্ডিয়া কম্বিনেশনে কয়েকটি পরিবর্তন করার সম্ভাবনা নিয়ে সিরিজটি ২-০তে শেষ করতে চাইবেন।

প্রথম খেলায় উমরান মালিক তাঁর অভিষেক ক্যাপ পেয়েছিলেন, কিন্তু ১২ ওভারের সংক্ষিপ্ত ম্যাচে তিনি মাত্র এক ওভার বল করতে পেরেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে উমরানের একমাত্র ওভার যদিও ভালো যায়নি এবং তিনি ভালোই রান দিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে তিনি আরও ভালো বোলিং করার আশা করবেন।

ভারতীয় ব্যাটিং লাইনআপের কথা বলতে গেলে, রুতুরাজ গায়কওয়াড় ভারতের হয়ে ব্যাটিং করতে পারেননি কারণ তিনি কাফ মাসলে চোট পান এবং আসন্ন খেলায় তাঁর অন্তর্ভুক্তি অনিশ্চিত। যদি তিনি না খেলতে পারেন, তবে সঞ্জু স্যামসনের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্যামসন জায়গা পেলে তিন নম্বরে নামতে পারেন এবং হুডাকে প্রথম ম্যাচের মতোই ইনিংস ওপেন করতে দেখা যেতে পারে।

আইরিশ দলের ক্ষেত্রে, হ্যারি টেক্টর প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর আরও একবার দলের টপ অর্ডারকে ভরসা যোগানোর চেষ্টা করবেন। অভিজ্ঞ দুই ব্যাটার পল স্টার্লিং ও অ্যান্ড্রু ব্যালবার্নি ব্যর্থতা কাটিয়ে রানে ফেরার লক্ষ্যে থাকবেন। বোলাররা অনেক বেশী শর্ট পিচ বলিং করে ফেলছিলেন, সেই ভুল তাঁরা দ্বিতীয় ম্যাচে শোধরানোর চেষ্টা করবেন।

পিচ রিপোর্ট

ম্যালাহাইডের উইকেটটি ম্যাচের শুরুতে বোলারদের সহায়তা করলেও মাঠটি ছোট হওয়ায় ব্যাটাররা সেট হয়ে গেলে অনায়াসে বাউন্ডারি মারা সম্ভব হচ্ছে। টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং করার কথা ভাববেন।

কোন দলের কেমন কম্বিনেশন

আয়ারল্যান্ড

প্রথম ম্যাচে নবাগত পেসার কনর ওলফার্ট সুযোগ পেলেও টপ অর্ডার ব্যাটার স্টিফেন ডোহেনির আন্তর্জাতিক অভিষেকের সুযোগ হয়নি। এই ম্যাচে তাঁকে দেখা যেতে পারে দলে। এ ছাড়া স্পিনারদের বিশেষ গুরুত্ব থাকবে না বলে মনে হচ্ছে, ফলে আয়ারল্যান্ড একজন স্পিন বোলিং বিকল্প বাদ দিতে পারে।

সম্ভাব্য একাদশ: অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, হ্যারি টেক্টর, লরক্যান টাকার (উইকেটকিপার), গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডেইর, কার্টিস ক্যাম্পফার, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, কোনর ওলফার্ট, ক্রেগ ইয়াং।

ভারত

আগের ম্যাচে যাঁরা সুযোগ পায়নি তাঁদের একটি ম্যাচে সুযোগ দেওয়ার কথা বিবেচনা করতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে রাহুল ত্রিপাঠী ও অর্শদীপ সিংয়ের অভিষেকের আশা করা যায়। ভারতও একজন স্পিন বোলিং বিকল্প কম খেলিয়ে ভেঙ্কটেশ আইয়ারের মত একজন অলরাউন্ডারকে সুযোগ দিয়ে দেখতে পারে।

সম্ভাব্য একাদশ: ঈশান কিষাণ, দীপক হুডা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, রাহুল ত্রিপাঠী, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, রবি বিষ্ণোই, উমরান মালিক, অর্শদীপ সিং।

আয়ারল্যান্ড বনাম ভারত হেড-টু-হেড

ম্যাচ – ৪ | আয়ারল্যান্ড – ০ | ভারত – ৪

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় রাত ৯টা

টিভি – সনি স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – সনি লিভ অ্যাপ

close whatsapp