“নিজেকে প্রমাণ করে নির্বাচকদের তাঁকে দলে নিতে বাধ্য করেছেন”, দীনেশ কার্তিকের প্রশংসায় কপিল দেব
আপডেট করা - Jun 14, 2022 4:23 pm

আইপিএলের মঞ্চে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে দীর্ঘদিন পর ফের ভারতীয় দলে নিজের জায়গা করে নিয়েছেন দীনেশ কার্তিক। প্রায় তিন বছর পর দক্ষিণ আফ্রিকা সিরিজেই ভারতীয় দলে ডাক পেয়েছেন তিনি। দীনেশ কার্তিকের এমন প্রত্যাবর্তন দেখেই আপ্লুত কপিল দেব। আইপিএলে তাঁর পারফরম্যান্সই খুশি করেছিল প্রাক্তন ভারতীয় কিংবদন্তীকে। সেই পারফরম্যান্স দেখিয়েই ভারতীয় দলের নির্বাচকদের তিনি ফের তাঁকে দলে নিতে বাধ্য করেছেন বলেই মনে করছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক দীনেশ কার্তিক।
২০১৯ সালের বিশ্বকাপে শেষবার ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল দীনেশ কার্তিককে। এরপর থেকেই ভারতীয় দলে আর সুযোগ মেলেনি তাঁর। কিন্তু দীনেশ কার্তিক কখনোই হাল ছাড়েননি। তাঁর অবসর নিয়ে অনেকেই সেই সময় নানান কথাবার্তা বলতে শুরু করেছিলেন। যদিও দীনেশ কার্তিক সেসবকে পাত্তা দেননি। বরং ভারতীয় দলের ফেরার প্রস্তুতি চালিয়ে গিয়েছিলেন দীনেশ কার্তিক। অবশেষে সাফল্য এসেছে তাঁর।
গত দুই মরসুম আইপিএলের মঞ্চে খুব একটা ভাল যায়নি দীনেশ কার্তিকের। এবারের আইপিএলে তিনি কোনও দল পাবেন কিনা তা নিয়েও ছিল জল্পনা। যদিও শেষপর্যন্ত তাঁর ওপর ভরসা রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই সিদ্ধান্ত যে এতটুকু ভুল ছিল না তা বুঝিয়ে দিয়েছিলেন দীনেশ কার্তিক। আইপিএল শুরু হওয়ার আগেই নিজের লক্ষ্য নিয়ে সোজাসাপ্টা উত্তর দিয়েছিলেন তিনি। ভারতীয় দলের হয়ে ফিনিশারের ভূমিকাই পালন করতে চেয়েছিলেন দীনেশ কার্তিক।
সদ্য সমাপ্ত আইপিএলে ৩৩০ রান রয়েছে দীনেশ কার্তিকের, সেইসঙ্গে গড় রয়েছে ৫৫
তারই শুরুটা হয়েছিল এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে। আইপিএলের প্রথম ম্যাচ থেকেই বেঙ্গালুরুর হয়ে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছিলেন দীনেশ কার্তিক। তাঁর হাত ধরেই একের পর এক ম্যাচে জয় এসেছিল আরসিবির। আর সেই পারফরম্যান্সই মুগ্ধ করেছে কপিল দেবকে। নিজের পারফরম্যান্স দেখিয়েই নির্বাচকদের কার্তিক ফের তাঁকে দলে নিতে বাধ্য করেছিলেন বলেই মনে করেন কপিল দেব।
এই প্রসঙ্গেই কপিল দেব বলেছেন, “এবার তিনি দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলের নির্বাচকদের ফের তাঁকে দলে নিতে রীতিমত বাধ্য করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে তাঁকে এত সহজে আগ্রাহ্য করা যাবে না। ঋষভ পন্থ একজন তরুণ তারকা। ক্রিকেটেও তাঁর দক্ষতা রয়েছে। কিন্তু দীনেশের কাছে রয়েছে অভিজ্ঞতা এবং পারফরম্যান্স, সেজন্যই তাঁর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়”।
এবারের আইপিএলে আরসিবির হয়ে একের পর এক ম্যাচে ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। সবচেয়ে বেশী ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়েছেন দীনেশ কার্তিক। সদ্য সমাপ্ত আইপিএলে ৫৫ গড়ের পাশাপাশি দীনেশ কার্তিকের রয়েছে ৩৩০ রান। ভারতের হয়ে দ্বিতীয় টি টোয়েন্টিতেও নিজের ফর্মের পরিচয় দিয়েছেন তিনি। ২১ বলে ৩০ রান না করলে সেদিন ভারত ১২০ রান টপকাতে পারত কিনা সন্দেহ রয়েছে। শেষের দিকে দীনেশ কার্তিকের কয়েকটি বড় শটেই ১৪৮ রানে পৌঁছেছিল ভারত।
এখনও সামলে অনেকটা পথ চলা বাকি রয়েছে তাঁর। সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকা। সেখানেই দীনেশ কার্তিক ফের নিজের জায়গা করে নিতে পারেন কিনা সেটাই এখন দেখার।