আইপিএল মেগা নিলামে যে তিনটি দলের নজর থাকবে শার্দূল ঠাকুরের দিকে
আইপিএল ২০২২ মেগা নিলামে শার্দূলের ন্যূনতম দর ২ কোটি টাকা
আপডেট করা - Feb 11, 2022 1:41 pm

সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচিত নাম শার্দুল ঠাকুর বিগত চার বছর চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলছেন এবং এই বছরের নিলামে অলরাউন্ডার হিসেবে তিনি বিপুল দর পেতে পারেন। ২০১৫ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে প্রথম আইপিএল ম্যাচ খেলেন এবং তারপর ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টসে জায়গা পান তিনি।
২০১৮ সালে ২.৫ কোটি টাকায় সিএসকে তাঁকে কেনে এবং পরের চারটি মরসুম তিনি দলের একটি অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তাঁর পারফরম্যান্সের ক্রমোন্নতি তাঁকে ভারতীয় দলে স্থান পেতে সাহায্য করেছে। ব্যাটার হিসেবে উন্নতি করায় তাঁকে একজন সম্ভাব্য অলরাউন্ডারের ভূমিকায় পেতে চায়বে ফ্র্যাঞ্চাইজিগুলি। টি-টোয়েন্টি ফরম্যাটে যে কোন সময় খেলা বদলে দেওয়ার ক্ষমতা রাখা শার্দূল ঠাকুর ৬১টি আইপিএল ম্যাচে ৬৭টি উইকেট নিয়েছেন।
দেখে নেওয়া যাক আসন্ন আইপিএল নিলামে শার্দূল ঠাকুরকে পেতে কোন তিনটি দল সবচেয়ে বেশী আগ্রহী হবে
১. মুম্বই ইন্ডিয়ান্স
আইপিএল নিলামে মুম্বই ইন্ডিয়ান্স সবসময় এমন ক্রিকেটারের দিকে নজর দেয় যাঁরা সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন এবং সেই কারণেই শার্দূলের সাম্প্রতিক ফর্ম তাদের নজর এড়াবে না। চারজন ধরে রাখা ক্রিকেটারের মধ্যে একজন জসপ্রিত বুমরাহ জাতীয় দলের সতীর্থ শার্দূলকে পাশে পেয়ে নিশ্চিন্ত হবেন। শার্দূলের ব্যাটিং দক্ষতাও দলের জন্য সহায়ক হবে।
হার্দিক পান্ডিয়া গুজরাত টাইটান্সে যোগ দেওয়ায় মুম্বই একজন অলরাউন্ডারের সন্ধান করবে। যদিও শার্দূলের কাছে হার্দিকের মতো ব্যাটিং শক্তি নেই, কিন্তু শার্দূল বোলিং দিয়ে সেই অভাব পূরণ করে দিতে পারবেন। মুম্বইয়ের ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বোলাররা সাধারণত ভালো বাউন্স পান, যা শার্দূলের মতো চতুর বোলার কাজে লাগাতে পারবেন।
২. গুজরাত টাইটান্স
নতুন যুক্ত হওয়ার আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি দলে এমন কাউকে পেয়ে উপকৃত হবে যাঁর যে কোন মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে। টাইটান্স হয়তো প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন হতে পারবে না, কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা শার্দূলের মতো কার্যকরী ক্রিকেটারকে দিয়ে দল সাজাতে চায়বে যাঁদেরকে একাধিক ভূমিকায় দলে ব্যবহার করা যায়।
ফ্র্যাঞ্চাইজির ঘরের মাঠ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সাধারণত ‘হিট দ্য ডেক’ বোলাররা সুবিধা করতে পারেন। শার্দূলেরও সেই ক্ষমতা আছে, যার প্রদর্শন তিনি অদূর অতীতে দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকা সফরে। হার্দিকের সঙ্গে যদি শার্দূলকে অলরাউন্ডার হিসেবে পায় টাইটান্স তবে তাদের অলরাউন্ডার নেওয়ার জন্য নামী বিদেশীর দিকে তাকাতে হবে না, সেক্ষেত্রে তারা অন্যান্য বিভাগে নামী বিদেশী নিযুক্ত করার কথা ভাবতে পারে।
৩. চেন্নাই সুপার কিংস
চেন্নাই জানিয়েছিল যে তারা তাদের আগেরবারের দলের অধিকাংশ ক্রিকেটারকেই ফিরিয়ে আনতে আগ্রহী এবং স্বাভাবিকভাবেই শার্দূলের দিকেও তাদের নজর থাকবে। শার্দূল সিএসকের হয়ে ৪৮ ম্যাচে ৫৫ উইকেট নিয়েছেন। দলের অধিনায়ক এমএস ধোনি শার্দূলকে ডেথ ওভারে বেশ কার্যকরী উপায়ে ব্যবহার করেছেন এবং আবারও শার্দূলকে এই দায়িত্ব দিতে ধোনি আগ্রহী হবেন।
চেন্নাই কখনওই খুব একটা তারুণ্যের দিকে ঝোঁকে না নিলামের সময়, তাদের নজর থাকে অভিজ্ঞতার দিকে। ৩০ বছর বয়সী শার্দূলের দিকে এই কারণের জন্যও নজর থাকবে চেন্নাইয়ের। সিএসকের হয়ে ২০১৮ ও ২০২১, দুবার আইপিএল জেতা শার্দূল চায়বেন তাঁর চেনা ফ্র্যাঞ্চাইজিতেই সাফল্যের ধারা বজায় রাখতে আর তার জন্য সিএসকে ম্যানেজমেন্ট তাঁকে পেতে বেশ ভালো পরিমাণ অর্থ খরচ করতে দ্বিধা করবে না।