ডাব্লিউপিএল ২০২৩, ম্যাচ ১২: এমআই বনাম জিজি, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

মুম্বাইয়ের শক্তিশালী ব্যাটিংকে প্রতিরোধ করার উপায় বার করতে হবে গুজরাতকে

Yastika Bhatia and Hayley Matthews
Yastika Bhatia and Hayley Matthews (Image Source: WPL)

উইমেন’স প্রিমিয়ার লিগ (ডাব্লিউপিএল) ২০২৩-এর উদ্বোধনী মরসুমে মুম্বাই ইন্ডিয়ান্স স্বপ্নের ফর্মে রয়েছে। প্রথম চার ম্যাচের চারটিতেই জয় পাওয়ার পরে এখন তারা মুখোমুখি হবে গুজরাত জায়ান্টসের। ১৪ই মার্চ, মঙ্গলবার, ব্রাবোর্ন স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে টুর্নামেন্টের ১২তম ম্যাচে।

জায়ান্টসের বিরুদ্ধে জিতলে প্লে-অফে ওঠা প্রায় নিশ্চিত করে ফেলবে হারমানপ্রীত কউরের নেতৃত্বাধীন মুম্বাই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শেষবার যখন মুম্বাই ও গুজরাত মুখোমুখি হয়েছিল, তখন মুম্বাই চরম আধিপত্য রেখে ১৪৩ রানে জিতেছিল। মুম্বাইয়ের ২০৭ রানের জবাবে মাত্র ৬৪ রানে অল আউট হয়ে গিয়েছিল জায়ান্টসের ইনিংস।

গুজরাত জায়ান্টস তাদের নিয়মিত অধিনায়ক বেথ মুনিকে হারানোর পরে এখন স্নেহ রানার নেতৃত্বাধীনে ধারাবাহিকতা হাতড়ে বেড়াচ্ছে। তাদের আগের ম্যাচে মাত্র ১০৬ রানের লক্ষ্য রেখেছিল জায়ান্টস, যা দিল্লি ক্যাপিটালস মাত্র ৭.১ ওভারে তাড়া করতে সক্ষম হয়েছিল। মুনির পরিবর্তে স্কোয়াডে আসা লরা উলভার্ড ডাব্লিউপিএল অভিষেকে বিশেষ ছাপ ফেলতে পারেননি।

পিচ কন্ডিশন

মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামের পিচ ব্যাটারদের জন্য খুবই অনুকূল। প্রাথমিক ওভারগুলিতে বেশী উইকেট না হারালে ১৮০ রানের কাছাকাছি স্কোর তোলা সম্ভব।

উভয় দলের কম্বিনেশন

মুম্বাই ইন্ডিয়ান্স

মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে তেমন কোন ঘাটতি চোখে পড়ছে না এবং অভিজ্ঞ অলরাউন্ডার পূজা ভাস্ত্রাকার চোটের কারণে না খেলা সত্ত্বেও দলের উপর বিশেষ প্রভাব পড়েনি। তাদের একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই।

সম্ভাব্য একাদশ: ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), হেইলি ম্যাথিউস, ন্যাট সিভার-ব্রান্ট, হারমানপ্রীত কউর (অধিনায়ক), অ্যামেলিয়া কার, ধারা গুজ্জর, আমানজোত কউর, ইসি ওং, হুমাইরা কাজী, জিন্তিমানি কলিতা, সাইকা ইশাক।

গুজরাত জায়ান্টস

সোফিয়া ডাঙ্কলে টুর্নামেন্টের দ্রুততম হাফ সেঞ্চুরি করার পরেও তাঁকে বাদ দিয়ে লরা উলভার্ডকে খেলানো জায়ান্টসের জন্য ফলপ্রসূ হয়নি এবং তাই ওপেনিং পজিশনে আবার ডাঙ্কলেকে ফেরানো হতে পারে। অধিনায়ক রানা এখনও অবধি ব্যাটিংয়ে বিশেষ অবদান না রাখায় ব্যাটিং ক্রমে উপরের দিকে আসতে চায়বেন।

সম্ভাব্য একাদশ: সাব্বিনেনি মেঘনা, সোফিয়া ডাঙ্কলে, হারলিন দেওল, অ্যাশলে গার্ডনার, দায়ালান হেমলথা, জর্জিয়া ওয়ারহাম, স্নেহ রানা (অধিনায়ক), কিম গার্থ, সুষমা ভার্মা (উইকেটকিপার), মানসী জোশি, তনুজা কানওয়ার।

হেড টু হেড

ম্যাচ – ১ | মুম্বাই – ১ | গুজরাত – ০

সম্প্রচারের বিবরণ

ম্যাচের কেন্দ্র – ব্র্যাবোর্ন স্টেডিয়াম, মুম্বাই

ম্যাচের সময় – ১৪ মার্চ, ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০

টিভি – স্পোর্টস ১৮

লাইভ স্ট্রিমিং – জিও সিনেমা অ্যাপ

close whatsapp