ডাব্লিউপিএল ২০২৩: দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে কারা কারা আছে
প্রধান কোচ ইতিমধ্যেই দুবার দ্য হান্ড্রেডে শিরোপা জিতেছেন
আপডেট করা - Feb 11, 2023 12:09 pm

জেএসডাব্লিউ ও জিএমআরের যৌথ মালিকানাধীন দিল্লি ক্যাপিটালস শনিবার, ১১ই ফেব্রুয়ারি, মুম্বাইতে মহিলাদের প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণের আগে কোচিং স্টাফদের নাম ঘোষণা করেছে। ২০২১ ও ২০২২-এ ওভাল ইনভিনসিবলস মহিলা দলকে দ্য হান্ড্রেড শিরোপা জেতানো জোনাথন ব্যাটিকে দলের প্রধান কোচ নির্বাচিত করা হয়েছে। ব্যাটি মহিলাদের বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের কোচিং করানোর পাশাপাশি সারে মহিলা দলেও কোচিং করেছেন।
এই বিষয়ে ৪৮ বছর বয়সী প্রাক্তন ক্রিকেটার বলেছেন, “আমি প্রথম ডাব্লিউপিএলে প্রধান কোচ হিসেবে দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে পেরে খুবই রোমাঞ্চিত। ম্যানেজমেন্টের দেওয়া এই সুযোগটি একটি বিশাল সম্মান এবং আমি দলের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করতে পারছি না। এটি মহিলাদের ক্রিকেটে জড়িত হওয়ার একটি অবিশ্বাস্য সময় এবং ডাব্লিউপিএল বিশ্বব্যাপী মহিলাদের পেশাদার খেলার ল্যান্ডস্কেপকে রূপান্তরিত করার ক্ষমতা রাখে।”
দিল্লি ক্যাপিটালস প্রাক্তন ক্রিকেটার হেমলতা কালা ও লিসা কেইটলিকে দলের সহকারী কোচ হিসাবে নিয়োগ করেছে। ৭ টেস্ট ও ৭৮ ওয়ানডেতে ভারতের প্রতিনিধিত্ব করা হেমলতা জাতীয় নির্বাচক প্যানেলের প্রধানও ছিলেন। প্রধান নির্বাচক হিসাবে তাঁর মেয়াদকালেই ভারত ২০১৭ সালে আইসিসি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল।
“দিল্লি ক্যাপিটালসের সঙ্গে এই নতুন ভূমিকার জন্য আমি কৃতজ্ঞ ও উত্তেজিত। আমি টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণের আগে আমাদের স্কোয়াডকে একত্রিত করার জন্য উন্মুখ। আমি আত্মবিশ্বাসী নারী ক্রিকেটের জন্য এই লিগ গেম চেঞ্জার হবে,” হেমলতা বলেছেন।
অস্ট্রেলিয়ার হয়ে ৯টি টেস্ট ও ৮২টি ওডিআই খেলা কেইটলি ২০২২ আইসিসি বিশ্বকাপে ইংল্যান্ডের মহিলা দলের কোচ ছিলেন। তিনি মহিলাদের বিগ ব্যাশ লিগে পার্থ স্কর্চার্স ও সিডনি থান্ডারের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
“দিল্লি ক্যাপিটালসের সঙ্গে জড়িত থাকতে এবং সারা বিশ্বের বিভিন্ন খেলোয়াড় ও কর্মীদের সঙ্গে কাজ করতে পারব বলে আমি খুবই উত্তেজিত। ডাব্লিউপিএল বিশ্বজুড়ে মহিলাদের খেলার জন্য একটি গেম চেঞ্জার, এবং আমাদের কাছে ক্রিকেট প্রদর্শনের সুযোগ,” লিসা প্রকাশ করেছেন।
ভারতীয় মহিলা দলের সঙ্গে জড়িত থাকা বিজু জর্জ দলের ফিল্ডিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন। দিল্লি ক্যাপিটালসের পুরুষ দলের হয়েও একই দায়িত্ব পালন করেন জর্জ। মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণের নিলাম ১৩ই ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে।