ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ পাকিস্তানের সময়সূচির ব্যাপারে নিজের বক্তব্য জানালেন কামরান আকমল
আপডেট করা - Jul 27, 2023 9:47 pm

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমলের মতে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য পাকিস্তানের যে সময়সূচি রয়েছে তা নিয়ে কোনও আলোচনা করার দরকার নেই। তিনি এই সবকিছুর বদলে ক্রিকেটে মনোযোগ দেওয়ার কথা বলেছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খসড়া সময়সূচিটি হাতে পাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ম্যাচ দুটির কেন্দ্র অদলবদল করার অনুরোধ করেছিল। কিন্তু পাকিস্তানের এই অনুরোধ আইসিসি রাখেনি। এছাড়াও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিল পিসিবি। তারা সেখানে খেলতে না চাওয়ার কারণ হিসেবে নিরাপত্তার অভাবকে চিহ্নিত করেছিল। পাকিস্তানের এই অনুরোধটি আইসিসি রেখেছে। পাকিস্তান লিগ পর্বে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটিও ম্যাচ খেলবে না। যদি পাকিস্তান সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে তাহলে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের জায়গায় কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
পাকটিভি.টিভি-এর সাথে একটি সাক্ষাৎকারের সময় কামরান আকমল বলেন, “পরিস্থিতি, কেন্দ্র এখন আর দলের জন্য উদ্বেগের বিষয় নয়। আন্তর্জাতিক ক্রিকেটে এসব হওয়া উচিত নয়। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে নিজেদের মাঠে হারিয়েছে ভারতীয় দল। আমরা কেন চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে বা আহমেদাবাদে ভারতের বিপক্ষে খেলছি এমন অজুহাত তৈরি করা উচিত নয়। আপনার মনোযোগ শুধুমাত্র ক্রিকেটে উপর হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “বোর্ড সদস্যদের কাছে আমার অনুরোধ, এই ধরনের নিম্নমানের অনুরোধ করা বন্ধ করুন। আন্তর্জাতিক ক্রিকেটের স্তর এখন অনেক এগিয়ে গেছে। খেলোয়াড়দের তাদের কৃতিত্বের জন্য গর্বিত হওয়া উচিত, তাদের জানা উচিত ভক্তরা এবং বোর্ড তাদের কাছ থেকে কি আশা করে। আপনার এই ধরনের কথা বলে নিজের ক্রিকেটের স্তরকে নীচে নামানো উচিত নয়।”
“এতে কোন সমস্যা নেই” – ওয়াসিম আকরাম
ওয়াসিম আকরাম বলেন, “এতে কোন সমস্যা নেই। পাকিস্তান যেখানে খেলার সেখানেই খেলবে। সত্যি কথা বলতে, ‘আমরা আহমেদাবাদে খেলব না’, এটির কারণে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি হচ্ছে…আপনি পাকিস্তানের খেলোয়াড়দের জিজ্ঞাসা করুন, খেলার কেন্দ্র কোথায় সেই নিয়ে তাদের কোনো যায় আসে না।”
মে মাসের শুরুর দিকে পিসিবির সভাপতি নাজাম শেঠি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন, “যখন আমি শুনলাম যে পাকিস্তানের ম্যাচ আহমেদাবাদে হবে, তখন আমি হেসেছিলাম এবং মনে মনে বললাম – ‘আমরা যাতে ভারতে না আসি এটি হল তা নিশ্চিত করার একটি উপায়’। আমি বলতে চাইছি, আপনি যদি চেন্নাই বা কলকাতা বলতেন, তাহলে ব্যাপারটি যুক্তিসঙ্গত হত।”