“আমরা পরিকল্পনা করছি এখানে কোন লাইন এবং লেন্থ কাজ করবে” – ডাব্লিউটিসির ফাইনালের জন্য ভারতের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অক্ষর প্যাটেল
আপডেট করা - Jun 1, 2023 5:42 pm

৭ই জুন থেকে লন্ডনের ওভাল ক্রিকেট স্টেডিয়ামে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এই নিয়ে পরপর দুইবার ডব্লুটিসির ফাইনালে খেলবে ভারত। আগেরবার ফাইনালে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউ জিল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল ভারত। তাই এইবার জেতার জন্য মরিয়া চেষ্টা করবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
ডব্লুটিসির ফাইনালের জন্য ডিউকসের বল ব্যবহার করা হবে। ভারত এবং অস্ট্রেলিয়া উভয় দলের কাছেই এই বল নতুন। ভারত এবং অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাঠে যথাক্রমে এসজি এবং কোকাবুরার বলে খেলে।
সম্প্রতি অক্ষর প্যাটেল বলেছেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ চলাকালীন অনুশীলনের সময় তারা লাল বল ব্যবহার করতেন। তার মতে সাদা বলে বল করার পর হঠাৎ করে লাল বলে বল করার জন্য যে মানসিক পরিবর্তন আনতে হয় তা অবশ্যই কঠিন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অক্ষর প্যাটেল বলেন, “আমরা আইপিএল শুরুর আগে এ সম্পর্কে জানতাম। তাই আইপিএলের সময়ও আলোচনা হয়েছিল যে আমরা লাল বল দিয়ে বল করব। আমাদের কাছে লাল বল ছিল, তাই আমরা সেগুলি ব্যবহার করছিলাম। আপনি জানেন কখন এবং কীভাবে খেলতে হবে, আপনার হাতে কত সময় বাকি আছে। সাদা বল থেকে লাল বলেতে এই মানসিক পরিবর্তন অবশ্যই কঠিন, কিন্তু আমাদের কাছে যথেষ্ট সময় আছে।”
ডিউকস বল দিয়ে বল করা নিয়ে মুখ খুললেন অক্ষর প্যাটেল
অক্ষর প্যাটেল বলেছেন যে সাদা বল থেকে হটাৎ লাল বলে পাল্টানোর মতোই এসজি থেকে ডিউকস বলে পাল্টাতে হয়। এছাড়াও তিনি বলেছেন যে এর জন্য নিজের প্রতিভা এবং দক্ষতাকে কাজে লাগাতে হবে।
অক্ষর প্যাটেল বলেন, “আমরা সাদা বল থেকে লাল বলেতে পাল্টাই। এসজি থেকে ডিউকসে যাওয়ার জন্য একই রকম সুইচ লাগে, আপনাকে আপনার প্রতিভা এবং দক্ষতার ব্যবহার করতে হবে। আপনাকে আপনার পরিকল্পনা, আপনার বোলিং ছন্দকে কার্যকর করতে হবে। বল যাই হোক না কেন, আপনি যদি একটি ভালো জায়গায় একটি ভালো বল করেন, তা কাজ করে। তাই আমরা সেটাই করছি। যেহেতু ম্যাচটা ইংল্যান্ডে, যেটা ভারতের থেকে আলাদা, আমরা পরিকল্পনা করছি এখানে কোন লাইন এবং লেন্থ কাজ করবে। অনুশীলনে একই জিনিস করছি, আমরা খেলার জন্য প্রস্তুত।”