ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ জোফরা আর্চারের ফিরে আসা নিয়ে মুখ খুললেন ম্যাথু মট
আপডেট করা - Aug 13, 2023 4:55 pm

অনেকদিন ধরেই একাধিক চোটে ভুগেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জোফরা আর্চার, যার কারণে তাকে বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে। তিনি এসএ২০-এর উদ্বোধনী সংস্করণে কামব্যাক করেছিলেন। এছাড়াও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজেও তাকে খেলতে দেখা গিয়েছিল। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) হয়ে খেলেছিলেন। সেখানে তিনি আরেকটি চোট পেয়েছিলেন, যার কারণে তাকে আবারও ক্রিকেট থেকে দূরে চলে যেতে হয়েছিল।
বর্তমানে জোফরা আর্চার রিকভারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তিনি আবার কবে মাঠে ফিরবেন সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো আপডেট দেয়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের কোচ ম্যাথু মট বলেছেন যে তারা আর্চারকে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তিনি স্বীকার করেছেন যে এই সময়ের মধ্যে তাকে ফিরিয়ে আনা সহজ হবে না কিন্তু তারা তাদের চেষ্টায় কোনো খামতি রাখতে চাইছেন না।
মেইল স্পোর্টকে ম্যাথু মট বলেন, “বিশ্বকাপের মঞ্চে এমন একজন প্রমাণিত পারফর্মারকে নিয়ে ঝুঁকি নেওয়ার সম্ভাবনা বেশি। আমরা তাকে খেলানোর জন্য পরিকল্পনা করছি। স্পষ্টতই, এই কাজটি অনেক কঠিন এবং আমাদের হাতে সময়ও বেশি নেই। কিন্তু তাদের মতো খেলোয়াড়দের আপনি ফিটনেস প্রমাণের জন্য প্রতিটি সুযোগ দেবেন। যাইহোক, আমরা ভালোটা আশা করেই এগোচ্ছি।”
তিনি আরও বলেন, “তাকে যদি আমরা প্রতিটি ম্যাচ খেলাতে চাই তাহলে সেটি একটি বড় চাওয়া হয়ে যাবে, তাই আমাদের নির্দিষ্ট ম্যাচগুলিকে টার্গেট করতে হবে, তবে আমরা ভারতে বলের গতির দিক দিয়ে এগিয়ে থাকব, আমরা মনে করি যে এটি আমাদের জন্য সত্যিই একটি গুরুত্বপূর্ণ সম্পদ এবং মার্ক উড কেমন পারফর্ম করবেন তা দেখার বিষয় হবে, তিনি অ্যাশেজে অনেক প্রভাব ফেলেছিলেন, আমরা আশা করছি তিনি সাদা বলের ক্রিকেটের ক্ষেত্রেও একই কাজ করবেন।”
আসন্ন ওডিআই বিশ্বকাপে নিজেদের প্ৰথম ম্যাচে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড
৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হতে চলেছে। এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড এবং নিউ জিল্যান্ড একে অপরের মুখোমুখি হবে।
ইয়ন মর্গানের নেতৃত্বে ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। সেবারের বিশ্বকাপে রানার্স-আপ হয়েছিল কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউ জিল্যান্ড। আসন্ন বিশ্বকাপে এই দুটি দল কেমন পারফরম্যান্সের প্রদর্শন করে সেটাই এখন দেখার বিষয়।