সূর্যকুমার যাদব এশিয়া কাপে ভয়ঙ্কর হয়ে উঠবেন, মত ওয়াসিম আক্রমের
আপডেট করা - Aug 23, 2022 7:16 pm

আগামী ২৮ অগস্ট এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান মহারণ। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তাপের পারদ চড়তে শুরু করেছে। ২০২১ সালের বিশ্বকাপের পর ফের একবার দুই দল মুখোমুখি হচ্ছে। গতবার বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল। এবার টিম ইন্ডিয়ার সামনেই সেই বদলা নেওয়ার সুযোগ। সেই ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতীয় দলের বেশ কিছু ক্রিকেটারদের নিয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলিরাই রয়েছে সেই আলোচনায়। কিন্তু ওয়াসিম আক্রম কিন্তু অন্য একজন ক্রিকেটারকেই বেছে নিয়েছেন।
আসন্ন এশিয়া কাপে ওয়াসিম আক্রমণের মতে ভারতীয় শিবিরে সবচেয়ে ভয়হ্কর ক্রিকেটার হয়ে উঠতে চলেছেন সূর্যকুমার যাদব। লোকেশ রাহুল, রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের নয়, এই তরুন ক্রিকেটারকেই বেছে নিচ্ছেন তিনি। স্টার স্পোর্চসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ওয়াসিম আক্রম। সেখানেই বারবার সূর্যকুমার যাদবের নাম শোনা গিয়েছে প্রাক্তন পাকিস্তানি তারকা ক্রিকেটারের মুখ থেকে। সম্প্রতি তাঁর পারফরম্যান্স দেখেই আপ্লুত হয়েছেন ওয়াসিম আক্রম।
দেশের জার্সিতে পাঁচটি অর্ধশতরান ও একটি শতরান রয়েছে সূর্যকুমার যাদবের
এই মরসুমে টি টোয়েন্টিতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন সূর্যকুমার যাদব। শুধু দেশের মাটিতেই নয়, দেশের বাইরেও ব্যাট হাতে সূর্যকুমার নিজেকে প্রমাণ করেছেন। ইংল্যান্জের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতে ভারতীয় দল জিততে না পারলেও, তাঁর সেঞ্চুরী এখনও সকলের স্মৃতিতে টাটকা। ইংল্যান্ডের ওভালে ১১৭ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব।
এই মুহূর্তে তাঁর পারফরম্যান্স দেখেই অত্যন্ত আপ্লুত ওয়াসিম আক্রম। স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, “অবশ্যই রোহিত, বিরাট কোহলি, লোকেশ রাহুলরা সেখানে রয়েছেন, কিন্তু বর্তমানে আমার সমস্ত ফোকাস এখন একজন ক্রিকেটারের দিকেই। এই ফর্ম্যাটে সূর্যকুমার যাদবের দিকেই সমস্ত ফোকাস রয়েছে আমার। এই মরসুমে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। আমি তাঁকে প্রথমবার দেখেছিলাম কলকাতা নাইট রাইডার্সে। সেই সময় সূর্যকুমার যাদব সাত ও আট নম্বরে ব্যাটিং করতে নামতেন। সেখানেই এমন কিছু শট তিনি খেলেছিলেন, তা ক্রিকেটের মঞ্চে যথেষ্ট কঠিন শট”।
ভারতের জার্সিতে বেশ সাফল্যের সঙ্গেই এগিয়ে চলেছেন সূর্যকুমার যাদব। এখনও পর্যন্ত দেশের হয়ে ২৩টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন সূর্যকুমার। সেখানে তাঁর রান রয়েছে ৬৭২ এবং গড় ৩৭.৩৩। শুধু তাই নয় ইতিমধ্যেই পাঁচটি অর্ধশতরান করে ফেলেছেন তিনি। একইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে একটি সেঞ্চুরীও।
আগামী ২৮ অগস্ট এশিয়া কাপে যাত্রা শুরু করতে চলেছেন টিম ইন্ডিয়া। সেখানে লোকেশ রাহুল, বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের মতো নামের ভিড়ের মাঝে এই তরুণ ক্রিকেটারই এবার বাজি ওয়াসিম আক্রমের।