নাত্থাকান চান্থামের দর্শনীয় হাফ সেঞ্চুরির সৌজন্যে পাকিস্তানকে হারিয়ে চমক লাগিয়ে দিল থাইল্যান্ড

এক বল বাকি থাকতে ১১৭ রানের লক্ষ্য অতিক্রম করে থাইল্যান্ড

Natthakan Chantham
Natthakan Chantham. (Photo Source: Twitter)

৬ই অক্টোবর, বৃহস্পতিবার, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, মহিলাদের এশিয়া কাপ ২০২২-এ থাইল্যান্ড চমকপ্রদ পারফর্ম্যান্স দেখিয়ে পূর্ণ-সদস্যর দেশ পাকিস্তানকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। পাকিস্তানের বিরুদ্ধে থাইল্যান্ডের এটি প্রথম জয়। ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অতিরিক্ত ঝুঁকি না নিয়ে উইকেট হাতে রেখে প্রথম ১৫ ওভার খেলার পর শেষ পাঁচ ওভারে আগ্রাসী ব্যাটিং করে থাইল্যান্ড এক বল বাকি থাওতে চার উইকেটে জেতে। 

খেলার শুরুতে, পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং উইকেটকিপার-ব্যাটার মুনিবা আলি দুটি চার মেরে ভালো শুরু করলেও মাত্র ১৫ রানে আউট হন। এরপর অধিনায়ক বিসমাহ মারুফ মাত্র তিন রানে আউট হয়ে গেলে পাকিস্তান চাপে পড়ে যায় এবং সেখান থেকে দলকে উদ্ধার করেন ফর্মে থাকা ব্যাটার সিদরা আমিন। তিনি ছটি চারের সাহায্যে ৫৬ রান করলেও বল খেলেন ৬৪। অপর প্রান্তের ব্যাটার নিদা দার ২২ বলে ১২ রান করায় মাঝের ওভারে পাকিস্তানের ইনিংস একেবারেই গতি পায়নি।

শেষের দিকে আয়েশা নাসিম একটি ছক্কাসহ ৫ বলে ৮ এবং আলিয়া রিয়াজ ৯ বলে ১০ রানে অপরাজিত থাকলেও পাকিস্তান ২০ ওভারে ৫ উইকেটে ১১৬ রানের বেশী তুলতে পারেনি। থাইল্যান্ডের হয়ে চার ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নিয়ে বোলারদের মধ্যে সেরা ছিলেন সোর্ননারিন টিপোচ। নাত্তায়া বুচাথাম উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে রানের গতি নিয়ন্ত্রণে রাখেন। 

হাফ সেঞ্চুরি করে নাত্থাকান চান্থাম থাইল্যান্ডকে লক্ষ্য অতিক্রম করতে সাহায্য করেন

জবাবে, থাইল্যান্ড দল প্রয়োজনীয় রান রেট কখনওই খুব বেশী নাগালের বাইরে যেতে দেয়নি। প্রথম উইকেটে নান্নাপাত কঞ্চারোয়েনকাই ৪০ রানের জুটি গড়েন ম্যাচের সেরা নাত্থাকান চান্থামের সঙ্গে। টুবা হাসান নবম ওভারে পাকিস্তানের হয়ে প্রথম উইকেট তোলেন এবং দুই বল পরে, তিনি চানিদা সুত্থিরুয়াংকে শূন্য রানে আউট করেন। অধিনায়ক নরুয়েমল চাওয়াই ক্রিজে চান্থামের সঙ্গে যোগ দেন এবং দুজনে মিলে তৃতীয় উইকেটে ৪২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

যদিও সিংহভাগ রান এসেছিল চান্থামের ব্যাট থেকে, তবে চাইওয়াই নিয়মিত এক-দুই রান নিয়ে দলীয় রান রেট খুব কম হতে দেননি। চাইওয়াই ১৭ রানে আউট হতেই পাকিস্তান খেলায় ফিরে আসে এবং এরপরের দুই ব্যাটার টিপ্পোচ ও ফান্নিতা মায়া বিশেষ প্রভাব ফেলতে পারেনি। অন্য প্রান্তে চমৎকার ব্যাটিং চালু রাখা চান্থাম অর্ধশতক করেন তবে নিয়মিত ব্যবধানে তাঁর ব্যাটিং সঙ্গীদের হারানোর পর ১৯তম ওভারে তিনিও আউট হয়ে যান ৫১ বলে ৬১ রান করে।

শেষ আট বলে তখনও ১২ রান করতে হত থাইল্যান্ডকে। শেষ ওভারে বোলিংয়ের দায়িত্ব পান ডায়ানা বেগ। প্রথম ডেলিভারিতে ওয়াইড দেওয়ার পরে ওভারের প্রথম বৈধ ডেলিভারিতে এক রান দেন এবং ক্রিজে আসেন রোসেনান কানোহ্‌। তিনি দ্বিতীয় বলে মাঠের সোজাসুজি একটি বাউন্ডারি মারেন এবং সমীকরণ হয় চার বলে চার। এরপর বাকি তিন বলে একটি দুই রান ও দুটি সিঙ্গল নিয়ে লক্ষ্য অতিক্রম করে থাইল্যান্ড।

থাইল্যান্ডের জয়ের পরে টুইটারের প্রতিক্রিয়া

https://twitter.com/AvinashArya09/status/1577901941040254977?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1577901941040254977%7Ctwgr%5E346caa0cf423761387195da1487c2038b92401d5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fcricket-news%2Fumran-malik-should-play-for-india-cant-fathom-how-cameron-green-isnt-in-the-australia-squad-brett-lee-2634%2F

close whatsapp