পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচের আগে নিজের মনোভাব প্রকাশ করলেন ঋষভ পান্ত

পাকিস্তানের বিপক্ষে খেলতে মুখিয়ে পান্ত

Rishabh Pant
Rishabh Pant. (Photo Source: Twitter)

ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্ত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সম্পর্কে নিজের মনোভাব প্রকাশ করে বলেছেন যে তিনি ২৩শে অক্টোবর, রবিবার, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে তাদের অভিযানের প্রথম ম্যাচ খেলতে মুখিয়ে আছেন। তিনি ভারত-পাকিস্তান ম্যাচের বিষয়ে তাঁর মতামত প্রকাশ করে বলেছেন যে তিনি সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল, তখন বাবর আজমের নেতৃত্বাধীন দল ভারতকে ১০ উইকেটে পরাজিত করেছিল। কিন্তু তারপর থেকে অনেক কিছুই বদলে গেছে দুই দলের ক্ষেত্রে। ভারত এখন রোহিত শর্মার নেতৃত্বে খেলছে। দুই দল এই বছর এশিয়া কাপ ২০২২-এ দুবার মুখোমুখি হয়েছিল, যেখানে উভয় দলই একটি করে ম্যাচ জিতেছে।

প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য পান্তের লড়াই দীনেশ কার্তিকের সঙ্গে। সাম্প্রতিক ম্যাচগুলিতে ফিনিশার হিসাবে কার্তিক ভালো পারফর্ম করেছেন। গত বছর দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল, তখন চির-প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা কেমন হয়, তার স্বাদ পেয়েছিলেন পান্ত। ভারতীয় ক্রিকেটের অনেক উদীয়মান তারকাদের মধ্যে একজন, পান্ত বলেছেন যে সেই আবেগ তুলনাহীন।

“পাকিস্তানের বিপক্ষে খেলাটা সবসময়ই বিশেষ কারণ সেই ম্যাচটিকে ঘিরে বরাবরের মতোই একটা বিশেষ প্রচার রয়েছে। এখানে অনেক আবেগ জড়িত, শুধু আমাদের জন্যই নয় সমর্থক এবং সবার জন্য। এটা একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম পরিবেশ। যখন দল মাঠে নামে, তখন দেখা যায় গোটা স্টেডিয়াম উল্লাস করছে। এটি একটি ভিন্ন পরিবেশ এবং যখন আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাইছিলাম, আমার আসলেই লোম খাড়া হয়ে গিয়েছিল,” ঋষভ পান্ত আইসিসিকে বলেছিলেন।

২০২১ টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেছেন পান্ত

মহম্মদ রিজওয়ান ও বাবর আজম গত বছর টি-২০ বিশ্বকাপে তাদের গ্রুপ-পর্যায়ের ম্যাচে কোনো উইকেট না হারিয়েই ভারতের দেওয়া ১৫২ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করে পাকিস্তানকে ১০ উইকেটে জয় এনে দিয়েছিল। যদিও অনেক ভারতীয় খেলোয়াড় এবং দর্শকদের জন্য ম্যাচটি ভুলে যাওয়ার মতো ছিল, তবে পান্ত এই ম্যাচটির কথা মনে রেখে দিয়েছেন দলের তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির সাথে তাঁর ৫৩ রানের পার্টনারশিপের কারণে।

“আমার মনে আছে আমি হাসান আলিকে একই ওভারে দুটি ছক্কা মেরেছিলাম। আমরা শুধু রান রেট বাড়ানোর চেষ্টা করছিলাম কারণ আমরা প্রথম দিকে উইকেট হারিয়ে ফেলেছিলাম এবং আমরা একটি পার্টনারশিপ গড়েছিলাম – আমি ও বিরাট। আমরা রান রেট বাড়াচ্ছিলাম এবং আমি তাকে এক হাতে দুটি ছক্কা মেরেছিলাম… আমার বিশেষ শট,” পান্ত যোগ করেছেন।

close whatsapp