“খেলোয়াড়দের নিরাপত্তা এবং স্বাস্থ্য অগ্রাধিকার পাবে” – দক্ষিণ আফ্রিকা সফরের অনিশ্চয়তা প্রসঙ্গে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী

বর্তমান পরিস্থিতি অনুযায়ী সফরটি হবে বলেই মনে করছেন সৌরভ

Sourav Ganguly
Sourav Ganguly. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন যে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর আপাতত নির্ধারিত সময়েই হওয়ার কথা। কোভিড-১৯ ভাইরাসের ওমিক্রন নামক প্রকারটি দক্ষিণ আফ্রিকাকে একটি ‘ঝুঁকিপূর্ণ দেশ’ করে তুলেছে, কিন্তু বিসিসিআই এবং গাঙ্গুলী এখনই তাড়াহুড়ো করতে চান না এবং যেকোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে যথেষ্ট সময় নিতে চান। ক্রিকেটারদের নিরাপত্তা এবং স্বাস্থ্য অগ্রাধিকার পাবে বলে আশ্বাস দেন তিনি।  

ওমিক্রনের প্রভাবে দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি ভালো না হলেও ভারত ‘এ’ ও দক্ষিণ আফ্রিকার ‘এ’-র মধ্যে যে তিন ম্যাচের আনঅফিশিয়াল সিরিজটি চলছে ব্লুমফন্টেইনের মানগাং ওভালে সেটি বাতিল করা হয়নি। বিসিসিআই চায়লে সেই সিরিজটি সম্পূর্ণ হওয়ার আগেই ভারতীয় ‘এ’ দলকে দেশে ফিরিয়ে আনতে পারত। কিন্তু বোর্ড সেরকম কোন সিদ্ধান্ত নেয়নি। ভারতের আসন্ন সফর ১৭ই ডিসেম্বর, শুক্রবার, জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হওয়ার কথা রয়েছে। প্রথমে টেস্ট সিরিজ দিয়ে সফরটি শুরু হবে। 

“এখন পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে সফরটি হবে। আমাদের এখনও সিদ্ধান্ত নেওয়ার সময় আছে। প্রথম টেস্ট ১৭ই ডিসেম্বর হওয়ার কথা। আমরা তার আগেই ভাবনাচিন্তা করে সিদ্ধান্ত জানাব,” গাঙ্গুলী সাংবাদিকদের বলেছেন, ইন্ডিয়া টুডে জানিয়েছে। 

খেলোয়াড়দের নিরাপত্তা এবং স্বাস্থ্য বিসিসিআইয়ের প্রথম অগ্রাধিকার, বলেছেন সৌরভ গাঙ্গুলী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজের সমাপ্তির পর, ভারতীয় খেলোয়াড়রা সম্ভবত ৮ বা ৯ই ডিসেম্বর জোহানেসবার্গের উদ্দেশে বিমানে উঠতে পারে। এই সফরে ভারতের তিনটি টেস্ট, তিনটি ওডিআই এবং চারটি টি-টোয়েন্টি খেলার কথা।  

গাঙ্গুলী আরও বলেছেন যে খেলোয়াড়দের সুরক্ষা এবং সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাক্তন অধিনায়ক উল্লেখ করেছেন যে বিসিসিআই কোনোভাবেই ক্রিকেটারদের নিরাপত্তার সঙ্গে আপস করবে না।

“খেলোয়াড়দের নিরাপত্তা এবং স্বাস্থ্য সবসময়ই বিসিসিআইয়ের প্রথম অগ্রাধিকার, আমরা এর জন্য সম্ভাব্য সবকিছু করব। সামনের দিনগুলিতে কী হয় তার দিকে আমাদের নজর থাকবে,” তিনি বলেছিলেন।  

হার্দিক পান্ডিয়ার চোট ও খারাপ ফর্ম নিয়েও গাঙ্গুলী তাঁর মতামত জানিয়েছেন। তিনি আশাবাদী হার্দিকের দ্রুত প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে। গাঙ্গুলী কিংবদন্তী কপিল দেবের সাথে পান্ডিয়ার তুলনা না টানাকেই অভিপ্রেত মনে করেছেন। 

“সে একজন ভালো ক্রিকেটার। সে ফিট নয়  তাই এখন দলে নেই। সে তরুণ, আমি আশা করি সে তার চোট থেকে সেরে উঠবে। তাকে (হার্দিক) কপিল দেবের সাথে তুলনা করবেন না। কপিল ভিন্ন স্তরের ক্রিকেটার ছিলেন,” ভারতের অন্যতম সেরা বাঁ-হাতি ব্যাটার গাঙ্গুলী যোগ করেছেন। 

close whatsapp