আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের ফলাফল নিয়ে মুখ খুললেন রিকি পন্টিং
আপডেট করা - Jun 1, 2023 8:10 pm

৭ই জুন, বুধবার, নিজেদের দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লুটিসি) ফাইনাল খেলতে নামবে ভারতীয় দল। অন্যদিকে, অস্ট্রেলিয়া নিজেদের প্ৰথম ডব্লুটিসি ফাইনাল খেলবে। ডব্লুটিসির প্ৰথম সংস্করণের ফাইনালে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউ জিল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।
এই বছরে বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল ভারত। প্ৰথম দুটি টেস্ট ম্যাচে ভারত জয় পেয়েছিল। তারপর তৃতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া দারুণভাবে কামব্যাক করেছিল। শেষ টেস্ট ম্যাচটি ড্র হয়েছিল। বর্ডার-গাভাস্কার ট্রফির পর ডব্লুটিসির ফাইনালেও জিততে চাইবে ভারতীয় দল।
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং চাইছেন যে এবারেও যেন ডব্লুটিসির ফাইনালে একটি ফলাফল দেখতে পাওয়া যায়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি এবং এই ক্রিকেট বিশ্ব ড্র ম্যাচ দেখতে চায় না। তিনি রোহিত শর্মা এবং প্যাট কামিন্সের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন যে তারা যেন ফাইনাল ম্যাচটি আক্রমণাত্মকভাবে খেলে যাতে শেষে গিয়ে একটি ফলাফল পাওয়া যায়। এমনকি যদি হারের ঝুঁকি নিয়ে জয়ের পথে এগোতে হয় তবে তিনি তাই করতে বলেছেন।
স্টার স্পোর্টসকে রিকি পন্টিং বলেন, “ক্রিকেট বিশ্ব ফলাফল সহ একটি অবিশ্বাস্যভাবে ভালো টেস্ট ম্যাচ দেখার যোগ্য। আমরা একটি ড্র খেলা দেখতে চাই না। তাই আমি উভয় অধিনায়ককে বলব, সেখানে গিয়ে খুব আক্রমণাত্মকভাবে একটি টেস্ট ক্রিকেট ম্যাচ খেলুন এবং নিশ্চিত করুন যাতে সেখানে শেষমেশ একটি ফলাফল পাওয়া যায়। এমনকি যদি এর মানে হয় যে আপনি নিজেকে এবং দলকে সম্ভাব্যভাবে একটি খেলা হারানোর জায়গায় রেখেছেন যাতে গেমটি জেতা যায়, তবে তাই করুন।”
“আমি গত কয়েক বছরে টেস্ট ক্রিকেট সবথেকে বেশি উপভোগ করেছি ইংল্যান্ডের খেলা, তারা জয়ের জন্য ঝুঁকি নিতে সর্বদাই প্রস্তুত” – রিকি পন্টিং
রিকি পন্টিং ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দলের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে শেষ কয়েক বছরে তিনি ইংল্যান্ডের খেলা সবথেকে বেশি উপভোগ করেছেন। তার মতে ইংল্যান্ড যেভাবে খেলছে সেভাবেই টেস্ট ক্রিকেট খেলা উচিত।
রিকি পন্টিং বলেন, “আমি গত কয়েক বছরে টেস্ট ক্রিকেট সবথেকে বেশি উপভোগ করেছি ইংল্যান্ডের খেলা, তারা জয়ের জন্য ঝুঁকি নিতে সর্বদাই প্রস্তুত। তারা টেস্ট ক্রিকেট খেলেছে যেভাবে খেলা উচিত। আমি মনে করি উভয়ই অধিনায়ককেই ফাইনালে দেখাতে হবে যে টেস্ট ক্রিকেট আক্রমণাত্মকভাবে খেলা যায়।”