পিএসএলে খেলার ডাক পেলেও প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তাসকিন আহমেদ
মুলতান সুলতান্স তিন ম্যাচের জন্য খেলার প্রস্তাব দিয়েছিল তাসকিনকে
আপডেট করা - Feb 19, 2023 10:48 am

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্তুতির জন্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বাংলাদেশ ১লা মার্চ থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হবে, যার পরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজিত হবে।
বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাসকিন আহমেদ সম্প্রতি পিএসএলে খেলার সুযোগ পেয়েছিলেন। বর্তমানে পিএসএলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মুলতান সুলতানস তাসকিনকে তিনটি ম্যাচের জন্য তাদের হয়ে খেলার প্রস্তাব দিয়েছিল। যদিও সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন এবং পরিবর্তে জাতীয় দলের হয়ে তাঁর প্রস্তুতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তাসকিন প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন কারণ তিনি ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে তাঁর চোট থেকে সেরে ওঠার দিকে মনোনিবেশ করছেন। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে বাঁ পায়ে চোট পান ২৭ বছর বয়সী এই তরুণ। তাসকিন ঢাকা ডমিনেটর্সের প্রতিনিধিত্ব করেছিলেন যারা পয়েন্ট তালিকার শেষ স্থানে ছিল।
ক্রিকবাজের সঙ্গে একটি আলাপচারিতায় মুলতান সুলতান্সের কাছ থেকে প্রস্তাব পাওয়ার সম্পর্কে কথা বলেছেন তাসকিন। “তারা (মুলতান সুলতান) আমাকে তিনটি ম্যাচের জন্য চেয়েছিল। প্রথম দিকে তারা আমাকে ১৭ই ফেব্রুয়ারি তিনটি ম্যাচের জন্য চেয়েছিল। পরে আমি ফিজিওর সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি বলেছিলেন আমি যেতে পারি, তবে আমি (আঘাত থেকে পুরোপুরি সেরে উঠতে) আরও প্রশিক্ষণ নিলে ভালো হবে,” তাসকিন বলেছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ না খেলার বিষয়েও মতামত দিয়েছেন তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ ২০২২-এর আইপিএলে ডাক পেলেও ভারতে খেলতে আসার পরিবর্তে জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।এই টুর্নামেন্টে না খেলার জন্য তাসকিনের যদিও কোনো অনুশোচনা নেই। টুর্নামেন্টে তাঁর অনুপস্থিতির কারণে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হন।
“বোর্ড আমাকে পারিশ্রমিক দিয়েছিল (গত বছর আইপিএলের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য), এবং আমার কোনো অনুশোচনা নেই। জাতীয় দলে খেলা আমার মূল লক্ষ্য এবং জাতীয় দলে যদি আমি আজ ধারাবাহিকভাবে ভালো করতে পারি, তবে আগামীকাল সুযোগ থাকবে (বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার) কারণ দিনের শেষে আমরা সবাই জাতীয় দলে খেলার জন্য কঠোর পরিশ্রম করি, এবং যদি শেষ পর্যন্ত সেখানে ভালো করি, আমি বিদেশে ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলব,” তাসকিন ক্রিকবাজকে বলেছেন।