আইপিএল ২০২৩-এ নিজেদের প্ৰথম জয় পাওয়া নিয়ে মুখ খুললেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক এডেন মার্করাম
আপডেট করা - Apr 10, 2023 4:05 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে নিজেদের তৃতীয় ম্যাচে পঞ্জাব কিংসের (পিবিকেএস) মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)। ব্যাটিং এবং বোলিং বিভাগের দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে এই ম্যাচে ৮ উইকেটে জয় পায় এসআরএইচ। এই জয়টি ছিল আইপিএল ২০২৩-এ তাদের প্ৰথম জয়। এই জয়ের ব্যাপারেই নিজের বক্তব্য জানিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক এডেন মার্করাম।
এসআরএইচের অধিনায়ক বলেছেন যে আগের ম্যাচগুলোতে তারা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেননি। তিনি জানিয়েছেন যে পিবিকেএসের বিরুদ্ধে তারা নিজেদের পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করতে পেরেছে। নিজের বোলিং বিভাগের প্রশংসা করে তিনি বলেছেন যে তারা নতুন বলে এবং পাওয়ারপ্লেতে উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে রেখেছিল। তিনি মায়াঙ্ক মার্কন্ডের স্পেলের কথাও উল্লেখ করেন।
ক্রিকবাজ মার্করামকে উদ্ধৃত করে, “কি পরিবর্তন হয়েছে তা বলা কঠিন (আগের ম্যাচগুলি থেকে), তবে মাঠে আজ আমরা কাজগুলি ভালোভাবে সম্পাদন করতে পেরেছি। আগের খেলাগুলোতে আমাদের যে পরিকল্পনা ছিল সেগুলো আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারিনি। আজ আমরা সঠিক দিশাতে ছিলাম, বিশেষ করে বোলিং পারফরম্যান্সে। আমরা নতুন বলে উইকেট নিয়েছিলাম, পাওয়ারপ্লেতে উইকেট নিয়েছিলাম এবং তাদের চাপে রেখেছিলাম। মায়াঙ্কের স্পেলটি দুর্দান্ত ছিল।”
রাহুল ত্রিপাঠির প্রশংসা করলেন এডেন মার্করাম
সানরাইজার্স হায়দ্রাবাদের প্রতিভাবান টপ অর্ডার ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠির প্রশংসা করে এডেন মার্করাম বলেছেন যে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তার ইনিংসটি অবিশ্বাস্য ছিল। তিনি জানিয়েছেন যে রাহুল প্ৰথমে ঠিকঠাকভাবে স্ট্রাইক রোটেট করতে পারছিল না কিন্তু পিচটিকে বুঝে নেওয়ার পর সে পিবিকেএসের বোলারদের সমস্যায় ফেলে দিয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, রাহুল ত্রিপাঠি এই ম্যাচে ৪৮ বলে ৭৪ রান করে অপরাজিত ছিলেন।
এডেন মার্করাম বলেন “রাহুল আজ রাহুলের মতো খেলেছে। সে আজ একটি অবিশ্বাস্য ইনিংস খেলেছে। আমি তার সাথে কথা বলেছিলাম এবং সে আমাকে বলেছিল যে সে প্রথম দিকে স্ট্রাইক রোটেট করার ক্ষেত্রে সমস্যায় পড়েছিল কিন্তু সে পিচটিকে বুঝে নেওয়ার পর বোলারদের উপর চাপ সৃষ্টি করেছিল যেমনটা সে সবসময় করে। তার জন্য আমি সত্যিই খুশি। ব্যাটিং বিভাগের অনেক চাপ সে নিজের উপর নেয় এবং আমাদের জন্য তার ফর্মে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।”
১৪ই এপ্রিল, শুক্রবার আইপিএল ২০২৩-এর ১৯ তম ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে খেলতে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ।