তীব্র প্রত্যাঘাত হেনে এবার ইনস্টাগ্রামে কোহলিকে ‘আনফলো’ করলেন সৌরভ
এর আগে কোহলিও সৌরভকে ইনস্টাগ্রামে 'আনফলো' করেছিলেন
আপডেট করা - Apr 18, 2023 2:56 pm

তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর মধ্যে বিরোধ থামার বিশেষ লক্ষণ দেখা যাচ্ছে না। ইনস্টাগ্রামে সৌরভকে কোহলি আনফলো করার একদিন পরে এবার দিল্লি ক্যাপিটালস (ডিসি)-র মেন্টরও প্রতিক্রিয়া জানিয়ে আরসিবি তারকাকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন।
সম্প্রতি দুজনের করমর্দন না করার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে কোহলি সৌরভকে আনফলো করেছিলেন। ১৫ই এপ্রিল, শনিবার, ডিসির বিরুদ্ধে আরসিবির ম্যাচ শেষ হওয়ার পরে কোহলির সঙ্গে হাত না মিলিয়েই এগিয়ে যান সৌরভ। তার আগে ম্যাচ চলাকালীন ডিসির ডাগ-আউটের সামনে ফিল্ডিং করার সময়ে কোহলি বিধ্বংসী চাহনিতে তাকিয়েছিলেন সৌরভের দিকে।
ম্যাচের শেষে খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে যখন করমর্দন চলছিল, তখন কোহলি এবং পন্টিং কয়েক সেকেন্ডের জন্য থেমে কথা বলছিলেন এবং পন্টিংয়ের পিছনে দাঁড়িয়ে থাকা সৌরভ তখন এগিয়ে গিয়ে কোহলির পিছনে থাকা খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে গিয়েছিলেন। সৌরভ ও কোহলির মধ্যে বর্তমান বিরোধের সূত্রপাত হয়েছিল ২০২১-এ যখন সৌরভ বিসিসিআই সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
কোহলির অধিনায়কত্ব চলে যাওয়ার পর থেকে সৌরভ ও তাঁর মধ্যে সংঘাত
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানালেও কোহলি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি বাকী দুই ফর্ম্যাটে অধিনায়কত্ব চালিয়ে যাবেন। তবে বিসিসিআই তাঁকে ওডিআই অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছিল কয়েক সপ্তাহ বাদে। এরপরে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের শেষে কোহলি টেস্ট অধিনায়কত্ব ত্যাগ করেন।
কোহলিকে ওডিআই অধিনায়কত্ব থেকে সরানোর প্রেক্ষিতে তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভ বলেছিলেন, “এই সিদ্ধান্তটি বিসিসিআই এবং নির্বাচকরা একসঙ্গে নিয়েছে। আসলে, বিসিসিআই টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে না যাওয়ার জন্য বিরাটকে অনুরোধ করেছিল, কিন্তু তিনি রাজি হননি। এবং তখন দুটি সাদা বলের ফর্ম্যাটের জন্য দুটি ভিন্ন অধিনায়ক রাখা ঠিক মনে করেননি নির্বাচকরা।”
তার এক সপ্তাহ পরে কোহলি প্রকাশ করেছিলেন যে তিনি এবং নির্বাচক কমিটি কখনও কথা বলেননি। ২০২১-এর শেষে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সময় একটি প্রেস কনফারেন্সে কোহলি বলেছিলেন, “আমি টি-টোয়েন্টি অধিনায়কত্বের সিদ্ধান্ত ঘোষণা করার পর থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। আমাকে বলা হয়েছিল যে নির্বাচকরা সিদ্ধান্ত নিয়েছে যে আমি ওডিআই অধিনায়ক থাকব না, যার উত্তরে আমি বলেছিলাম, ‘ঠিক আছে।’ আগে থেকে কোনো যোগাযোগ ছিল না।”