আইপিএলের ১৬ তম সংস্করণে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হলেন শুভমন গিল
আপডেট করা - May 30, 2023 2:31 am

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ফাইনালে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সকে (জিটি) ৫ উইকেটে পরাজিত করে পঞ্চমবারের জন্য শিরোপা জিতে নিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এই মরসুমের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হলেন জিটির প্রতিভাবান ওপেনিং ব্যাটার শুভমন গিল।
প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান করেছিল গুজরাট টাইটান্স। সাই সুদর্শন ৪৭ বলে ৯৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। ঋদ্ধিমান সাহাও ৩৯ বলে ৫৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। রান তাড়া করতে নেমে শেষ বলে গিয়ে জয় পায় সিএসকে। বৃষ্টির কারণে ওভার এবং লক্ষ্য কমে যথাক্রমে ১৫ এবং ১৭১ হয়ে যায়। রবীন্দ্র জাদেজা শেষ ওভারের পঞ্চম বলে ৬ এবং শেষ বলে ৪ মেরে চেন্নাই সুপার কিংসকে ম্যাচটি জিতিয়ে দেন।
আইপিএল ২০২৩-এ শুভমন গিল ১৭টি ম্যাচ খেলে ৮৯০ রান করেছেন। এই রান তিনি ৫৯.৩৩ গড় এবং ১৫৭.৮০ স্ট্রাইক রেটের সাথে করেছেন। তার নামে ৩টি শতরান এবং ৪টি অর্ধশতরানও রয়েছেন। এই মরসুমে সবথেকে বেশি রান করে তিনি অরেঞ্জ ক্যাপ জিতেছেন।
তিনি জস বাটলারকর টপকে একটি আইপিএল মরসুমে সবথেকে বেশি রান করার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। জস বাটলার আইপিএল ২০২২-এ ৮৬৩ রান করেছিলেন। সবার প্রথমে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তিনি আইপিএল ২০১৬-তে ৯৭৩ রান করেছিলেন।
- আইপিএল ২০২৩-এ সবথেকে বেশি চার মেরেছেন শুভমন গিল
শুভমন গিল এই মরসুমে চতুর্থ খেলোয়াড় হিসেবে টানা দুটি ম্যাচে শতরান করার রেকর্ড করেছেন। এছাড়াও একটি মরসুমে সবথেকে বেশি শতরান করার তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। বিরাট কোহলি এবং জস বাটলার ৪টি শতরানের সাথে যুগ্মভাবে প্ৰথম স্থানে রয়েছেন। এছাড়াও আইপিএলের ১৬ তম সংস্করণে সবথেকে বেশি চার মেরেছেন তিনি। তার চারের সংখ্যা হল ৮৫। এছাড়াও তিনি ৩৩টি ছয় মেরেছেন। এই মরসুমে সবথেকে বেশি ছয় মারার তালিকায় তিনি তৃতীয় স্থানে রয়েছেন।
শুভমন গিলের দুই সতীর্থ রশিদ খান এবং মহম্মদ শামি টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়ে থেকে খুব বেশি দূরে ছিলেন না। শুভমন গিলের পয়েন্ট হল ৩৪৩। অন্যদিকে রশিদ এবং শামির পয়েন্ট হল যথাক্রমে ৩২৫ এবং ৩০৬। শামি ১৭টি ম্যাচ খেলে ২৮টি উইকেট নিয়ে পার্পেল ক্যাপ জিতেছেন। রশিদ খান ১৭টি ম্যাচ খেলে বল হাতে ২৭টি উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে ৩২.৫০ গড়ে ১৩০ রান করেছেন। রশিদ খান এবং মহম্মদ শামি টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের তালিকায় যথাক্রমে দ্বিতীয় এবং চতুর্থ স্থানে শেষ করেছেন।